বার্নলির জালে গোল বন্যা স্পার্সদের
ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১১:১২
রিয়াল মাদ্রিদে কাউন্টার অ্যাটাককে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন হোসে মরিনহো। এরপর চেলসি, ম্যানইউয়ের দায়িত্ব পালন করলেও মরিনহোর সেই প্রতি আক্রমণের ছন্দ ঠিক দেখা যায়নি। টটেনহ্যামে মরিনহো আবার সেই পাল্টা আক্রমণের গতি ফিরিয়ে এনেছেন। শনিবার বার্নলিকে তার শিষ্যরা গোল বন্যায় ভাসিয়েছেন। জয় তুলে নিয়েছেন ৫-০ গোলে।
ঘরের মাঠে টটেনহ্যাম বল দখলের লড়াইয়ে বার্নলির চেয়ে পিছিয়ে ছিল। অথচ আক্রমণে এবং গোল করার একক আধিপত্য দেখিয়েছেন মরিনহোর শিষ্যরা। গোলের লক্ষ্যে সাতটি এবং বাইরে তিনটি; মোট দশটি শট নিয়ে পাঁচটি শট জালে জড়িয়েছেন হ্যারি কেন-সনরা।
ম্যাচের চার মিনিটের মাথায় ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেন বার্নলির বক্সের বেশ বাইরে থেকে দারুণ এক শট নিয়ে গোল করেন। পাঁচ মিনিট পরেই জটলার মধ্য থেকে দারুণ ক্ষিপ্রতায় শট নিয়ে গোল করেন লুকাস মৌরা। এরপর ৩২ মিনিটে দারুণ গতিতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করে গোল করেন এশিয়ার বর্ষসেরা ফুটবলার হওয়া সন হিউয়েন মিন। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে হ্যারি কেন নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। সিসেকো ৭৪ মিনিটে করেন পঞ্চম গোল। ব্যবধান আরও বাড়বে মনে হলেও শেষ পর্যন্ত বাড়েনি।
এ নিয়ে মরিনহো স্পার্সদের দায়িত্ব নিয়ে পাঁচ ম্যাচে ডাগ আউটে দাঁড়ালেন। দলকে জয় এনে দিলেন চার ম্যাচে। ওই চার ম্যাচেই তার দল প্রতিপক্ষের জালে অন্তত তিনটি করে গোল করেছেন। অবশ্য গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানইউয়ের মাঠ থেকে হেরে ফিরেছেন তিনি। মরিনহোর সামনের পরীক্ষা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখ। জার্মানিতে গিয়ে পরীক্ষায় পাস করে আসার চ্যালেঞ্জ মরিনহোর সামনে।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- টটেনহ্যাম-বার্নলি
- ইংলিশ লিগ-২০২০
