ইতিহাদে ম্যানচেস্টার ডার্বিতে হার সিটির
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১৩:৫৫
টিকিটাকার ঝলকে দুর্দান্ত জয়ের ঘটনা অনেক আছে। তেমনি টিকিটাকায় ধসে যাওয়ার ঘটনাও আছে। ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটি ঠিক ধসে যায়নি। তবে শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৭২ ভাগ বল পায়ে রেখেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে ২-১ গোলে।
হারটা ২-০ গোলের হতে পারতো। তবে ম্যাচের শেষ দিকে এক গোল করে হারের ব্যবধান কমায় ম্যানচেস্টার সিটি। অন্যদিকে আগের লিগ ম্যাচে টটেনহ্যামকে ২-১ গোলে হারানোর পর সিটির বিপক্ষেও জয় পেলেন ওলে গুনার সোলসকায়ের। এ জয় তার কাছে তাই মধুর। সময়টাও নিশ্চয়।
ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেলে ম্যানইউ। ২৩ মিনিটের মাথায় তরুণ রাশফোর্ডের পেনাল্টি গোলে লিড নেয় রেডসরা। এরপর ২৯ মিনিটে গোল করেন ইনজুরি থেকে ফেরা ফ্রান্স ফরোয়ার্ড অ্যান্তোনিও মার্সিয়াল। ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ম্যানইউ। পরে আর গোল করতে না পারলেও মাত্র ২৮ ভাগ বল পায়ে রেখে সিটির চেয়ে বেশি আক্রমণ তোলেন রাশফোর্ডরা।
গোলে সাতটির সঙ্গে গোলের বাইরে দুটি শন নেয় ম্যানইউ। অন্যদিকে ম্যানসিটি গোলের লাইনে শট নেয় পাঁচটি। ছোট পাসে সাজিয়ে তোলা তাদের পাঁচটি আক্রমণ লক্ষ্য ভ্রষ্ট শটে নষ্ট হয়। ম্যানইউয়ের কাছে এ হারে লিগ জয়ের প্রতিযোগিতা থেকে আরও একধাপ পিছিয়ে গেল ম্যানসিটি। লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ম্যানইউ আছে লিগে আটে।
