সানা-ইতি জুটিতে আর্চারিতে এলো তৃতীয় স্বর্ণ
আর্চারিতে রিকার্ভ মিশ্র ইভেন্টে স্বর্ণ জয়ী ইতি খাতুন ও রোমান সানা। ছবি: মাহবুব হোসেন নবীন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০০:২৯ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৩
এশিয়ান গেমসে রোববার আর্চারিতে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। প্রথমে রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে স্বর্ণ জেতে বাংলাদেশ। পরে আর্চারিতে স্বর্ণ জিতেছেন রোমান সানা ও ইতি খাতুনের জুটি। রিকার্ভ মিশ্র ইভেন্টে স্বর্ণ জিতলেন তারা।
এর আগে শনিবারও তিনটি স্বর্ণ ওঠে বাংলাদেশের নামের পাশে। সবমিলিয়ে নেপালে এসএ গেমসের ১৩তম আসরে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল দশে।
প্রথমে পোখারা স্টেডিয়ামে আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন বাংলাদেশের আর্চাররা। এরপর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতে নেন নারী আর্চাররাও।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলংকাকে ৬-০ সেট পয়েন্টে হারান বাংলাদেশের তিন আর্চার—ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়। রিকার্ভ মিশ্রতে ভুটানের দলকে রোমান সানা ও ইতি খাতুনের জুটি ৬-২ সেটে হারায়। এবারের আসরে আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন বাকি সাতটি ইভেন্টে স্বর্ণ পদকের আশা করছেন আর্চাররা।
এর আগে ফেন্সিংয়ে নারী স্যাবার এককে স্বর্ণ জেতেন ফাতিমা। সেটি ছিল বাংলাদেশের সপ্তম স্বর্ণ। ভারোত্তোলনে মাবিয়া আক্তার পঞ্চম ও জিয়ারুল ইসলাম ষষ্ঠ স্বর্ণ জেতেন।

এসএ গেমসের ১৩তম আসরে গত মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সেরা হন হুমায়রা আক্তার অন্তরা। ওই দিনই কারাতে নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজান আক্তার প্রিয়া এবং পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে আল আমিন স্বর্ণ জয় করেন। সোমবার তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম স্বর্ণ জেতেন দিপু চাকমা।
