ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বিসিবি পরিচালিত দলই মানছে না নিয়ম!

বিসিবি পরিচালিত দলই মানছে না নিয়ম!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:২২ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫০

বঙ্গবন্ধু বিপিএল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে। প্রত্যেক দলকেই অর্থ দিতে হবে বিসিবির। এর মধ্যে স্পন্সর পাওয়া দলকে ভর্তুকি দিলেই চলবে। বিজ্ঞাপন না পাওয়া দুই দল রংপুর রেঞ্জার্স এবং কুমিল্লা ওয়ারিয়র্স পরিচালিত হবে বিসিবির অর্থায়নে। অথচ এই দুই দলই মানছে না বিপিএলের নিয়ম!

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এবারের বিপিএলে ক্রিকেট বোর্ড নিয়ম করে দিয়েছে, একজন করে নিয়মিত লেগস্পিনার এবং ১৪০ কিলোমিটার গতির পেসার খেলাতে হবে। অন্য দল এই নিয়ম মানলেও রংপুর এবং কুমিল্লার দলে নেই কোনো গতিময় পেসার কিংবা লেগস্পিনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে করা হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্সের টেকটিক্যাল উপদেষ্টা। তিনি পেসার এবং লেগস্পিনারের ব্যাপারে বলেন, 'আমাদের দলে আফগান স্পিনার মুজিব উর আছেন। তিনি বিশ্বমানের স্পিনার। মুজিব উরই আমাদের শর্ত পূরণ করছেন। কারণ তিনি অফস্পিনের সঙ্গে লেগব্রেকও করেন। তাই কোনো সমস্যা নেই।'

গতিময় পেসার নেওয়ার ব্যাপারে তিনি জানান, তারা ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশানে থমাসের সঙ্গে যোগাযোগ করছেন। এছাড়া জিম্বাবুয়ের কাইল জারভিচের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ছাড়পত্র পাচ্ছেন না। একইভাবে কুমিল্লার দলে থাকা কুশল পেরেরা ছাড়পত্র পাচ্ছেন না বলে জানান নান্নু। লংকান ক্রিকেটার দাশুন শানাকা এবং ভানুকা রাজাপাকসেও এখনও নিশ্চিত নন।

বিপিএলে রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টর করা হয়েছে আকরাম খানকে। তিনি বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, লেগস্পিনার খেলানো বাধ্যতামূলক করা হয়নি। আর তাদের দলে ১৭ বছর বয়সী তরুণ রিশাদ হোসেন আছে। সে ঘরোয়া লিগে ভালো খেলেছে।

তবে রিশাদ হোসেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন। তিনি তাই জানুয়ারির শুরু থেকেই বিপিএলের বাইরে চলে যাবেন। আকরাম খান তখন বলেন, 'আমাদের দলে দারুণ কিছু বোলার আছে। মুস্তাফিজ, তাসকিন, আরাফাত সানি, মোহাম্মদ নবীরা ভালো বোলার।'

বিপিএলে লেগস্পিনার এবং গতিময় পেসার খেলানোর ব্যাপারে বিসিবির পরিচালক মাহবুবুল আনাম বলেন, 'এবারের বিপিএল দিয়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হোক এটাই চেয়েছে বিসিবি। লেগস্পিনার এবং ১৪০ কিলোমিটার গতির পেসারের বিপক্ষে খেললে আমাদের ব্যাটসম্যানদের অনেক উন্নতি হবে। এর আগে জাতীয় ক্রিকেট লিগে লেগস্পিনার না খেলানোয় দুই কোচকে বরখাস্ত করে বিসিবি।

তবে শুধু বিসিবি পরিচালিত দুই দল কুমিল্লা এবং রংপুর নয়। বিসিবি দেওয়া লেগস্পিনার এবং পেসারের শর্তপূরণ করতে পারছে না আরও দুই দল। সিলেট তাদের দলে শেলডম কটরেলকে পাচ্ছে না। তারা দলে নিয়েছে পাকিস্তানের মোহাম্মদ সামিকে। চট্টগ্রাম তাদের দলে লেগস্পিনার জুবায়ের হোসেনকে নিলেও গতিময় পেসার নেই তাদের দলে।

আরও পড়ুন

×