শিরোপা নয় দর্শন শিখতে বার্সায় গ্রিজম্যান
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৩
অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দু'বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি অ্যান্তোনিও গ্রিজম্যানের। লা লিগায় রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত টক্কর দিয়েও একটার বেশি জেতা হয়নি শিরোপা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা গ্রিজম্যান তাই অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে কাতালান শিবিরে এসেছেন বলে মনে করেন অনেকে।
তবে বার্সেলোনার আক্রমণভাগে যোগ হওয়া নতুন এই ফলা বললেন, তিনি শিরোপা জিততে বার্সেলোনায় আসেননি। এসেছেন ফুটবলের নতুন দর্শক শিখতে। বার্সা যেভাবে ফুটবল খেলে সেই নিয়মটা আয়ত্ত করতে এসেছেন। তার সাবেক ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের শিরোপা জেতার সব সম্ভাবনা ছিল। তার কাছে তাই শিরোপা মূখ্য নয়।
চলতি মৌসুমের শুরুতে ১২০ মিলিয়ন ইউরোতে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে জল ঘোলা করে বার্সায় আসা গ্রিজম্যান বলেন, 'আমি চ্যাম্পিয়নস লিগ কিংবা অন্য আরও শিরোপা জিততে বার্সেলোনায় আসিনি। আমি এখানে এসেছি ফুটবলের নতুন এক স্টাইল শিখতে। নতুন ফুটবল দর্শন শিখতে এবং খেলোয়াড় হিসেবে নিজেকে আরও একটু উপরে নিয়ে যেতে।'
ডিয়াগো সিমিওনের অধীনে অ্যাথলেটিকো মাদ্রিদ ২০১৩-১৪ মৌসুমে লা লিগা শিরোপা জিতেছে। দু'বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে। এর মধ্যে ২০১৫-১৬ মৌসুমে ফাইনালে হারের জন্য নিজেকে দায়ি করেন গ্রিজু। কারণ ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফ্রান্স তারকা। পরে ম্যাচ টাইব্রেকারে গড়ালে রিয়াল ৫-৩ ব্যবধানে জিতে শিরোপা নিয়ে যায়।
গ্রিজম্যান বলেন, 'খুব রাগ হয়েছিল নিজের ওপর। আমার মনে হয়, ওই ব্যর্থতার জন্য আমরা ফাইনালে হেরে গিয়েছিলাম। আমি যদি অন্য ক্লাবের হয়ে চ্যম্পিয়নস লিগ জিতি তবও ওই পেনাল্টি মিস করার ঘটনা আমাকে পোড়াবে। ওই ফাইনাল জেতা ছিল আমার এবং ক্লাবের সবার স্বপ্ন। সেই স্বপ্ন ছিল আমার হাতে (পায়ে)। কিন্তু সেটা আমি কাজে লাগাতে পারিনি। এই কষ্ট ১০ থেকে ১৫ বছরের নিচে যাবে বলে মনে হয় না।'
- বিষয় :
- খেলা
- ফুটবল
- অ্যান্তোনিও গ্রিজম্যান
- বার্সেলোনা
