ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

এশিয়া ও বিশ্ব একাদশের সূচিতে বদল চেয়েছিল পাকিস্তান

এশিয়া ও বিশ্ব একাদশের সূচিতে বদল চেয়েছিল পাকিস্তান
×

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের মার্চে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির স্বীকৃতিও পাচ্ছে টুর্নামেন্টটি। একাদশ গঠনের জন্য বিসিবি এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে যেমন বিসিবির পক্ষ থেকে পাঁচজন ক্রিকেটার চাওয়া হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জানিয়েছেন, মুজিব বর্ষে আয়োজিত এই টি-২০ টুর্নামেন্টে কোন পাকিস্তানি ক্রিকেটার থাকতে পারবেন না। কারণ ভারত-পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। দুই দেশের ক্রিকেটার তাই একই দলে খেলবেন এটা হতে পারে না।

জানুয়ারির পাকিস্তান সফরের সূচি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তখন তিনি পাকিস্তান সফরের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। বিদেশি কোচরা পাকিস্তান যেতে চান না। সব ক্রিকেটার আগ্রহী না। স্বল্প সময়ের সফর হলে ক্রিকেটাররা যেতে চান। এছাড়া পাকিস্তানে নিরাপত্তা নিয়ে সংকট না থাকলেও ক্রিকেট খেলার পরিবেশ নিয়ে প্রশ্ন আছে বলে উল্লেখ করেন তিনি।

এর বাইরে মুজিব বর্ষে আয়োজিত টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'পাকিস্তানের ক্রিকেটার খেলতে পারবে না এমন কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। ম্যাচটি হবে এশিয়া বনাম বিশ্ব একাদশের। যাদের পাওয়া যাবে, তারা খেলবে। আমাদের কাছ থেকে ভারত কিছু শোনেনি। কিংবা আমাদের সঙ্গে বলেনি যে, পাকিস্তানের ক্রিকেটার থাকতে পারবে না।'

পাপন বলেন, 'একটা বিষয় হতে পারে যে আমাদের সঙ্গে সবার যখন যোগাযোগ হয়েছিল, পাকিস্তানই একমাত্র দেশ যারা বলেছিল, ওই সময় তাদের পিএসএল আছে। তারা তারিখ পরিবর্তন করতে বলেছিল। আমরা বলেছিলাম তা সম্ভব নয়। ১৮ থেকে ২২ মার্চের মধ্যেই ম্যাচ আয়োজন হবে। এরপর আর সাড়া দেয়নি তারা।' উল্লেখ্য সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএল। ফাইনাল মাঠে গড়াবে ১৭ মার্চ।

আরও পড়ুন

×