নেইমারের নাচ দেখল উরুগুয়ে
উরুগুয়ের বিপক্ষে গোলের পর এভাবেই নাচেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সতীর্থকে দিয়ে গোলও করান তিনি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১ | ১২:০০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২১ | ১৩:২১
গোল করেই নাচ! সঙ্গে ছন্দ মেলান লুকাস পাকুয়েতা। যদিও সচরাচর তাকে এমন উদযাপন করতে দেখা যায় না। তবে উরুগুয়ের বিপক্ষে যে সবকিছু ঠিকঠাক হচ্ছিল; এটাই হয়তো জানান দিতে চেয়েছেন।
উরুগুয়েকে পেলেই জ্বলে ওঠেন নেইমার। শুক্রবার কাতার বিশ্বকাপ বাছাইয়ে এই নেইমারকে সামলাতে গিয়েই কূলকিনারা হারায় অতিথিরা। পুরো ম্যাচ বল পায়ে নজর কাড়েন ব্রাজিলিয়ান তারকা। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। তাতে ম্যাচটা ৪-১ গোলে জিতে নেয় ব্রাজিল।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা নেইমারকে নিয়ে এভাবে শিরোনাম করেছে, কীভাবে অবসর নেবেন নেইমার। হ্যাঁ; জয়-পরাজয় ছাপিয়ে এই ম্যাচেও নেইমারের অবসর নিতে চাওয়া নিয়ে গুঞ্জন। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, 'কাতার বিশ্বকাপই তার শেষ।' এরপর শুরু হয় নানা কথা। কিন্তু উরুগুয়েকে পেয়ে নিজের চেহারাটা আরেকবার দেখালেন নেইমার। পরিসংখ্যানও সেই কথা বলছে। পুরো সময় উরুগুয়ের রক্ষণকে কাঁপিয়ে দেন। ৪১টি পারফেক্ট পাস, ৮টি ড্রিবল, ৮টি গোল হওয়ার মতো পাস, সেইসঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছ থেকে ১৪ বার বল কেড়েছেন।
নেইমারের দিনে জোড়া গোল পান রাফিনহা। ম্যাচের ১৮তম মিনিটে ব্রাজিলকে দ্বিতীয় সাফল্য এনে দেন এই লিডস মিডফিল্ডার। বিরতির পর আবারও রাফিনহা ঝলক, স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে সুয়ারেজ এক গোল শোধ করলেও উরুগুয়ের আশার প্রদীপ নিভু নিভুই। ৮৩তম মিনিটে গ্যাব্রিয়েল ব্রাজিলের গোলের হালি পূরণ করেন।
পুরো ম্যাচেই ছিল ব্রাজিলের আধিপত্য। বল দখল, আক্রমণ- সবখানেই হলদু জার্সিধারীদের দাপট। তাই দাঁড়াতেই পারেনি উরুগুয়ে। সব মিলিয়ে ৫৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল। আর উরুগুয়ে গোলমুখে মোট ২২টি শট নেয়, যার ১৩টি আবার টার্গেটমতো। রীতিমতো আক্রমণ ঠিকিয়েই সময় পার করেছে উরুগুয়ে। তবে ফিনিশিংয়ে আলো ছাড়িয়ে উচ্ছ্বসিত রাফিনহা। রাতটি চাইলেও ভুলতে পারবেন না তিনি, 'এই রাতটা ভোলা আমার জন্য কঠিন। গোল দুটি আমার কাছে তৃপ্তির। হয়তো নতুন কিছু না। তবে শৈশব থেকেই এমন স্বপ্ন দেখতাম।' এতটা রোমাঞ্চের কারণও আছে। এই দুই গোলই যে ব্রাজিলের হয়ে রাফিনহার শুরু। এর আগে দুই ম্যাচ খেললেও গোল পাননি তিনি।
