বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
খন্দকার রাশেদ মাকসুদ। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১২:৪৬ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৩:১৬
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকালেই তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা তাদের পদত্যাগপত্র পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সমকালকে বলেন, ‘স্যারের পদত্যাগপত্র সকালে মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছি। পদত্যাগপত্র পাঠিয়ে তিনি অফিসে আসেননি।’
চেয়ারম্যান ছাড়াও চার কমিশনার- মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিনও আজ পদত্যাগ করেছেন।
এফআইডি সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বিকেলের মধ্যে প্রজ্ঞাপন হতে পারে।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামও আত্মগোপনে যান।
পরে খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন কমিশনার হিসেবে নিয়োগ পান মু. মহসীন চৌধুরী। পরে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরাও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচির মাধ্যমে তার পদত্যাগ দাবি করে আসছিলেন। এমন পরিস্থিতির মধ্যেই চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ পুঁজিবাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
