চ্যাম্পিয়ন্স ট্রফি হকি
১৬ ডিসেম্বর হচ্ছে না ভারত পাকিস্তান ম্যাচ
প্রতিদ্বন্দ্বী দুই দেশ ঢাকায় মুখোমুখি হচ্ছে হকি মাঠে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ | ১৯:০০
টি২০ সিরিজে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে পাকিস্তানের পতাকা ওড়ানোয় সমালোচনা হয়। সেই রেষ কাটতে না কাটতে সামনে চলে এসেছে ১৬ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির হকিতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে।
বিজয় দিবসের দিন ঢাকায় পাকিস্তানের খেলা রাখায় প্রশ্ন ওঠে। যে কারণে সূচিতে বদল আনতে উদ্যোগ নেয় বাংলাদেশ হকি ফেডারেশন। তার আহ্বানে সাড়া দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। ফলে ১৬ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ। এক দিন পিছিয়ে তা হবে ১৭ তারিখে।
১৪ ডিসেম্বর থেকে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। টুর্নামেন্টে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে র্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ। ২১ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচও হবে। ২২ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।
