ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বিসিবির চুক্তিতে জাতীয় লিগের ৯০ ক্রিকেটার

বিসিবির চুক্তিতে জাতীয় লিগের ৯০ ক্রিকেটার
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০১:১২

জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয় কেন্দ্রীয় চুক্তিতে। এই চুক্তিতে থাকা ক্রিকেটাররা দেশের সেরা, বেতন ভাতাও তাই বেশি। এই কেন্দ্রীয় চুক্তির বাইরেও ক্রিকেটারদের বেতন দেয় বিসিবি। জাতীয় লিগে (এনসিএল) পারফরমারদের বেছে নেওয়া হয় চুক্তিতে। গত বছর এই চুক্তিতে ছিলেন ৮০ ক্রিকেটার। এ বছর সেটা বেড়ে ৯০ জন হতে পারে।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, তালিকা প্রস্তুত করে বোর্ডের কাছে উপস্থাপন করবেন তারা। বিসিবির সাবেক প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল জাতীয় লিগের ক্রিকেটারদের বেতনভুক্তি করেছিলেন। ২০১২ সালে সব মিলে ১২০ জন ক্রিকেটারকে চুক্তিভুক্ত করে বিসিবি। রহস্যজনক কারণে গত কয়েক বছরে সংখ্যাটা কমে ৮০ জন করা হয়েছিল। ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে সংখ্যাটা আবারও বাড়ানো হচ্ছে।

এনসিএলের চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর দাবি ওঠে গত অক্টোবরের আন্দোলনে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ১১ দফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করে মাঠে ফেরেন ক্রিকেটাররা। জাতীয় লিগের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে গত মৌসুম থেকেই। সেদিক থেকে চুক্তিতে থাকা ক্রিকেটাররা আর্থিকভাবে কিছুটা লাভবান হচ্ছেন। শুধু জাতীয় লিগই নয়, কেন্দ্রীয় চুক্তিতেও ক্রিকেটারের সংখ্যা বাড়বে বলে জানান নান্নু।

আরও পড়ুন

×