‘লিও সুখে থাকুক, এটাই আমার স্বপ্ন’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:০৮
চলতি বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেই আগামী ২৪ জুন ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিমধ্যেই বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছেন এই 'ক্ষুদে জাদুকর'। অস্ট্রিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির জন্মদিন ও তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন কোচ লিওনেল স্কালোনি।
মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে স্কালোনি বলেন, ‘আমি শুধু চাই লিও সবসময় খুশি থাকুক, শান্তিতে থাকুক। এটাই তার জন্য আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং আমার বিশ্বাস। আর্জেন্টিনা দল তথা পুরো ফুটবল বিশ্বের সবার স্বপ্নও ঠিক এটাই।’
কাতার বিশ্বকাপের পর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, এমন অনেক জল্পনা-কল্পনা ডালপালা মেলেছিল। তবে ৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে মেসির এমন খুনে ফর্ম আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।
স্কালোনি মনে করেন, মেসি মাঠের ভেতরে ও বাইরে সুখী থাকলেই দলের সেরা পারফরম্যান্স বেরিয়ে আসে। তাই দলের অধিনায়ককে কোনো ধরনের বাড়তি চাপে না রেখে স্রেফ ফুটবলটা উপভোগ করার স্বাধীনতা দিতে চান এই মাস্টারমাইন্ড।
