ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

লায়ন ঘূর্ণিতে ধবলধোলাই কিউইরা

লায়ন ঘূর্ণিতে ধবলধোলাই কিউইরা
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০২:২৬

অস্ট্রেলিয়ার মাঠে প্রথম দুই ম্যাচে হারতেই বোঝা গিয়েছিল ধবলধোলাই এড়ানো কঠিন কিউইদের জন্য। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ছিলেন না। দলের সেরা তারকাকে ছাড়া আগের দুই ম্যাচের মতো লড়াই করতে পারেনি সফরকারীরা। মার্নাস লাবুশেনের ডাবল সেঞ্চুরি এবং দুই ইনিংসেই নাথান লায়নের ঘূর্ণিতে ধসে গেছে কিউইরা। শেষ টেস্টে হেরেছে ২৭৯ রানের বিশাল ব্যবধানে।

তিন ম্যাচেই কিউইরা একই রকম ব্যবধানে হারল। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে তারা হারে ২৯৬ রানে। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়া জয় তুলে নেয় ২৪৭ রানের। আর শেষ টেস্টেও দুইশ' রানের ওপরে হার মানল নিউজিল্যান্ড। ঠিক একইভাবে তিন টেস্টেই প্রথমে ব্যাট করে অজিরা তোলে চারশ'র ওপরে রান। সেই রান চাপায় পড়ে দ্রুত ধসে যায় ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলা নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ।

সিডনি টেস্টে প্রথমে ব্যাট করে অজিরা তোলে ৪৫৪ রান। দলের হয়ে ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন মার্নাস লাবুশেনে। তিনি থামেন ২১৫ রান করে। চারে নেমে স্মিথ করেন ৬৩ রান। অজিদের আর কোন ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি। কিন্তু তাতেই রান ফুলে-ফেঁপে ওঠে তাদের। জবাব দিতে নেমে ২৫৪ রানে থামে নিউজিল্যান্ড। অজি অফ স্পিনার নাথান লায়ন তুলে নেন ৬৮ রানে ৫ উইকেট। অস্ট্রেলিয়া ১৯৮ রানের লিড পায়।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৭ রান তুলে ইনিংস ছেড়ে দেয়। এবার দলের হয়ে ১১১ রানের হার না মানা ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজটা তার খুব খারাপ যায়। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফর্ম দেখান ওয়ার্নার। করেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ছয় ইনিংসে এটাই একমাত্র সেঞ্চুরি তার। অন্য ইনিংসগুলোতে ভালোর আভাস দিলেও থেমে যায় দ্রুত।

তার ব্যাটে ভর করে ৪১৫ রানের লিড নেয় অজিরা। দ্বিতীয় ইনিংসে আবার স্পিন ঘূর্ণি দিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন নাথান লায়ন। তিনি ৫০ রানে ৫ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড তুলতে পারে ১৩৬ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের গ্লেন ফ্লিপ এবং দ্বিতীয় ইনিংসে কলিন ডি গ্রান্ডহোম ফিফটি করেন।

আরও পড়ুন

×