ফুটবলকে বিদায় ডি রসির
ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০২:৩৬
ক্রিস্টম্যাসের ছুটি কাটিয়ে আর্জেন্টিনায় ফিরেছিলেন। সাক্ষাৎ করেছিলেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরপর টেনিংয়ে গিয়ে ফিরে আসেন ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জেতা ড্যানিয়েল ডি রসি। মেয়েকে খুব মিস করছেন জানিয়ে ঘোষণা দেন অবসরের।
চলতি মৌসুমের শুরুতে রোমার এই লিজেন্ড ফুটবলার ইতালি ছেড়ে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়রসে নাম লেখান। বয়স হয়ে গেছে ৩৬ বছর। এই বয়সেও সিনিয়র পর্যায়ের ফুটবল খেলার চ্যালেঞ্জ নেন তিনি। তার ফিটনেস নিয়ে কোন জটিলতা নেই। কিন্তু এই বয়স যেমন পুরো ধকল নিতে পারে না। তেমনি পরিবার ছেড়ে থাকার ধকল নিতে পারে না মন। ডি রসি তাই জুতা জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন।
শীর্ষ পর্যায়ের ফুটবলে দুই দশকের 'কালের চিত্র' দেখেছেন ডি রসি। তার সময়ের অনেক তারকাকে যেমন নিভে জিতে দেখেছেন। তেমনি মেসি-রোনালদোর উত্থান দেখেছেন। নিজের ৩৬ বছর বয়সের মধ্যে প্রায় ১৯ বছরই শীর্ষ পর্যায়ে ফুটবল খেলেছেন। ক্যারিয়ারের ১৮টি বছর কাটিয়ে দিয়েছেন রোমার হয়ে। অথচ এই সময়ে তিনি রোমার হয়ে দারুণ ফুটবল উপহার দিলেও জিততে পারেননি একটা লিগ শিরোপা।
তার সামনে আবার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা জুভেন্টাসের মতো ক্লাবে যোগ দেওয়ার। কিন্তু সেটাও তিনি করেননি। রোমার হয়েই খেলে গেছেন একাধারে। নেইমার যেমন মেসির ছায়া থেকে বের হয়ে আলো ছড়াতে পিএসজি গেছেন। রসিও তাই করতে পারতেন। কারণ তার ক্যারিয়ার কেটে গেছে ফ্রান্সেসকো টট্টির ছায়ায় থেকে। কিন্তু ওই ছায়াটাও উপভোগ করেছেন তিনি।
রোমার হয়ে ক্যারিয়ারে ৬১৬ ম্যাচ খেলেছেন রসি। দুটি কোপা ইতালিয়া জিতিয়েছেন ক্লাবকে। আটবার লিগে রানার্স আপ হয়ে শেষ করেছেন। রোমার হয়ে সর্বোচ্চ ৭৮৬ ম্যাচ খেলেছেন টট্টি। আর ইতালির হয়ে চতুর্থ সর্বোচ্চ ১১৭ ম্যাচ খেলেছেন এই তারকা। অবসর নিয়ে রসি বলেন, 'মেয়েটা আমাকে খুব মিস করে। তার সঙ্গে সময় কাটাতে চাই আমি। অবসরের এটাই সবচেয়ে বড় কারণ।' ইতালিতে ফিরে গিয়ে তিনি ফুটবলের সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছেন। তবে কোন দায়িত্বে তাকে দেখা যাবে উল্লেখ করেননি রসি।
