নাঈমে আস্থা রাখলো দল, ব্যর্থ হলেন তিনি
ছবি: সংগৃহিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৩:৪৬ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ০৪:২১
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে ওমান ও শ্রীলংকার বিপক্ষে রান পেয়েছিলেন নাঈম শেখ। ব্যর্থ হয়েছিলেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার শক্ত বোলিং লাইন আপের বিপক্ষে।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে রান পাননি নাঈম। তবে শেষ ম্যাচে করেন ৫০ বলে ৪৭ রান। সর্বশেষ বিপিএলে ভিন্ন ভিন্ন ব্যাটিং অর্ডারে খেলে পুরোপুরি ব্যর্থ হলেও আফগান সিরিজে একাদশে ওপেনিংয়ে টিকে গেছেন নাঈম শেখ।
কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরেছেন বাঁ-হাতি এই ওপেনার। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত ওপেনার লিটন দাসকে তিনে ঠেলে দিয়ে নাঈমকে নামানো হয় ওপেনিংয়ে। ডান হাতি-বাঁহাতি সমন্বয়ের সুযোগ দলকে এনে দিতে পারেননি তিনি।
তৃতীয় ওভারের প্রথম বলেই ফজল হক ফারুকির বলে ফিরে যান ৫ বলে ২ রান করে। এবারও তার ব্যাটিং এপ্রোচ ও টেকনিক নিয়ে থেকে গেছে পুরনো প্রশ্ন। ফারুকির ফুল লেন্থের করা বলটি সামান্য ইনসুইং করলেও পায়ের কাজ ছাড়াই শট খেলতে গিয়ে লেগ বিফোর হয়েছেন তিনি।
ইনজুরির কারণে মুশফিকুর রহিম দলে নেই। তার জায়গায় টপ অর্ডারের শক্তি বাড়াতে দলে নেওয়া হয় নাঈমকে। কিন্তু তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি। এই নিয়ে তিনি ৩৩ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ১৬বার ২০ রানের ঘরে ঢোকার আগেই সাজঘরে ফিরলেন।
