ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে মাঠে নেমেছে স্পেন

ইনফান্তিনোর বিরুদ্ধে মাঠে নেমেছে স্পেন
×

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১২:৪২ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ১৩:১৩

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নামার ঘোষণা দিয়েছেন লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবেস। স্প্যানিশ এ ফুটবল কর্তা ফাইনাল শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জানিয়েছেন, ইনফান্তিনো ফুটবল খেলাটির অনেক ক্ষতি করেছেন। আগামী বছর ফিফা নির্বাচনে যেন ইনফান্তিনো পুনর্নিবাচিত হতে না পারেন, জোরালোভাবে সে চেষ্টা করবেন তারা। 

স্পেন বিশ্বকাপ জেতায় দারুণ খুশি লা লিগা বস। তবে ফিফার কর্মকাণ্ডে খুবই হতাশ ও ক্ষিপ্ত তিনি। মাদ্রিদে ফিরে গেজেত্তা দেল্লা স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে ফিফার ওপর ক্ষোভ উগড়ে দেন তেবেস, ‘ফিফা নিজেদের জন্য সবকিছু করে, ফুটবলের জন্য তারা কিছু করে না। তাদের ২৭ মিনিটে বিরতি প্রয়োজন, তারা ঠিকই সেটা নিয়েছে। এই হাইড্রেশন বিরতি একটা প্রহসন। আমরাই প্রথম লা লিগাতে এ বিরতি চালু করেছিলাম, কিন্তু যখন প্রচণ্ড গরম ছিল, তখনই এ বিরতি দেওয়া হতো। কিন্তু ডালাস, আটলান্টা ও লস অ্যাঞ্জেলেসে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম হওয়া সত্ত্বেও তারা এ বিরতি দিয়েছে। 

ওই তিন স্টেডিয়ামে আমাকে সোয়েটার গায়ে দিতে হয়েছে। এটা প্রহসন। সম্পূর্ণ বাণিজ্যিক কারণে বিরতি। এরপর বালোগানের (যুক্তরাষ্ট্রের লাল কার্ডের শাস্তি স্থগিত হওয়া ফুটবলার) ঘটনা। এটা তো নজিরবিহীন। ফুটবলের নিয়মকানুন ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা এটি।’ 

ফিফা সভাপতির বিরুদ্ধে মাঠে নামার ঘোষণাও দেন তিনি, ‘আমরা বিভিন্ন দেশের ঘরোয়া লিগের প্রধানরা বিশ্বাস করি, ফিফার বর্তমান কমিটি ফুটবলের ক্ষতি করছে। তারা কেবল নিজেদের স্বার্থ উদ্ধারে কাজ করছে। এসব বিতর্কিত কর্মকাণ্ড প্রতিরোধ করতেই হবে। না হলে এসব বাড়তেই থাকবে।’ আগামী মার্চে ফিফার সভাপতি নির্বাচন। ওই নির্বাচনে ইনফান্তিনোর বিরোধিতার ইঙ্গিত দিয়েছেন তেবেস।    

আরও পড়ুন

×