হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১২:৫৫ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৩:১৭
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে নিখোঁজ আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার বেলা ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে রোববার এলাকায় মাইকিং করেন। পাশাপাশি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে পোস্ট দেন।
সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে ডুবে থাকা একটি জমিতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন পানিতে থাকায় মরদেহ কিছুটা ফুলে গিয়েছিল।
নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
- বিষয় :
- যুবক
- মরদেহ উদ্ধার
- পুলিশ
- হবিগঞ্জ