ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বন্ধের পথে ‘বাজফিড’ নিউজ!

বন্ধের পথে ‘বাজফিড’ নিউজ!
×

ব্যয় সামলাতে না পেরে ডিজিটাল যুগের অন্যতম নিউজ সাইট ‘বাজফিড’ বন্ধ হচ্ছে।

সাব্বিন হাসান

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ | ১৩:৪৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ | ১৪:০৬

সংবাদ বিভাগ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মিডিয়া, সংবাদ ও বিনোদন গণমাধ্যম ‘বাজফিড’। আয়ের তুলনায় অতিরিক্ত পরিচালন ব্যয় সামলাতে না পেরে ডিজিটাল যুগের অন্যতম নিউজ সাইটের ইতি টানছে কর্তৃপক্ষ।

বাজফিড কর্তৃপক্ষ বলছে, তথ্যপ্রযুক্তি খাতে টানা মন্দা ও শেয়ার বাজারে টানাপোড়েনের মতো নানা চ্যালেঞ্জে সামলানো যাচ্ছে না। বাজফিড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোনাহ পেরেট্টি নিউজ সাইট বন্ধের সিদ্ধান্তে নিজের কিছুটা দায় স্বীকারোক্তি দিয়েছেন।

কর্মীদের উদ্দেশ্য জোনাহ পেরেট্টি বলেছেন, আপাতত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে হচ্ছে। ক্রমান্বয়ে বাজফিড নিউজ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ব্যবস্থাপনা কমিটি।


বাজফিডে চাকরি হারানো কর্মীদের প্রসঙ্গে পেরেট্টি জানালেন, বেশিরভাগ কর্মীকে হাফপোস্টে স্থানান্তর করা হবে। হাফপোস্ট সাইটটি লাভজনক অবস্থানে আছে। অঙ্গপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু বাজফিড দীর্ঘদিন ধরে অলাভজনক ছিল। তাই অনিচ্ছা সত্ত্বেও কঠিন সিদ্ধান্তটি নিতে হচ্ছে।

বাজফিড নিউজ বন্ধ হয়ে যাওয়ার খবরে ওয়াল স্ট্রিটের শেয়ারের দাম কমেছে ২০ শতাংশ। শুধু একক প্রতিষ্ঠান হিসেবে বাজফিড নিউজকে আর পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। নতুন করে হাফপোস্ট নিউজ সাইটের মানোন্নয়নে মনোযোগী হবেন।

২০০৬ সালে বাজফিড যুক্তরাষ্ট্রের ডিজিটাল কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। শুরুতে তথ্যভিত্তিক তালিকা ও কুইজের জন্য বিশেষ পরিচিত ছিল। পরে ২০১১ সালে বাজফিড নিউজের যাত্রা শুরু হয়। ইন্টারনেটভিত্তিক মিডিয়ার মধ্যে নতুন ধারার সূচনা করে গণমাধ্যমটি।

চীনের ‘জিনজিয়াং’ নিয়ে ২০২১ সালে প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার পায় সংবাদমাধ্যমটি।

২০২০ সালে ভেরিজনের কাছ থেকে হাফিংটন পোস্টের মালিকানা স্বত্ব কিনে নেয় বাজফিড। তখন জোনাহ পেরেট্টি বলেছিলেন, নিজস্ব খবরের ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে হাফপোস্ট।

বাজফিড বন্ধ করার সিদ্ধান্তের পেছনে বহুবিদ কারণগুলোর মধ্যে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার সংকোচন, করোনা মহামারি ও মূলধনের অভাব অন্যতম। বিশ্লেষকেরা বলছেন, পাঠক ও সামাজিক প্ল্যাটফর্মের বহুমুখী আয় পরিবর্তনের চাপ বাজফিড বন্ধের নেপথ্যে কারণ।

আরও পড়ুন

×