ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে বিটিআরসির আপত্তি, কারণ দর্শানোর নোটিশ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে বিটিআরসির আপত্তি, কারণ দর্শানোর নোটিশ
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২২:৩৪

মোবাইল ফোন অপারেটর রবির নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ ব্যবহার নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) সার্কেল নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ‘সার্কেল’ নামে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হবে না কেন– তা জানতে চেয়েছে কমিশন। গত ২৬ অক্টোবর বিটিআরসির লিগ্যাল শাখা থেকে রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নোটিশ পাঠানো হয়। 

নোটিশে বলা হয়েছে, বিটিআরসির পূর্বানুমোদন ছাড়া ‘সার্কেল’ নাম ব্যবহার করে রবি কার্যক্রম পরিচালনা করছে। অথচ বিটিআরসির দেশব্যাপী ইন্টারনেট সেবাদানের লাইসেন্স নিয়ে ২০১৬ সাল থেকে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে ব্যবসা করছে আরেকটি প্রতিষ্ঠান। একই খাতে কাছাকাছি নাম ব্যবহার বুদ্ধিবৃত্তিক সম্পত্তিসংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন।

নোটিশে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার শর্ত অনুযায়ী, রবির ‘রবি আজিয়াটা’ নামেই কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ২০২৩ সালের ২৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক নির্দেশনায় জানিয়েছিল, একীভূত হওয়ার পর এয়ারটেল আর স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত অপারেটর নয়। এটি রবির একটি ব্র্যান্ড।

বিটিআরসির অভিযোগ, ‘সার্কেল’ ব্র্যান্ডের প্রচারণায় এয়ারটেলকে স্বতন্ত্র অপারেটর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সার্কেল নেটওয়ার্ক গত ৮ সেপ্টেম্বর বিটিআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেয়। এতে প্রতিষ্ঠানটি জানায়, লাইসেন্স পাওয়ার পর থেকে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে সেবা দিয়ে আসছে। লাইসেন্স নবায়ন, ট্যারিফ অনুমোদন, কমিশনের সঙ্গে যোগাযোগ ও প্রচারণাসহ সব ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নামটি ব্যবহার করছে তারা। এতে বলা হয়, দুই প্রতিষ্ঠানের নামের বানান আলাদা হলেও উচ্চারণ প্রায় একই। বাংলায় দুটি নামই ‘সার্কেল’। একই টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খাতে কাছাকাছি নাম ব্যবহারের কারণে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এমনকি দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বা অংশীদারত্ব রয়েছে বলেও কেউ ভুল ধারণা করতে পারেন।

সার্কেল নেটওয়ার্কের অভিযোগ, রবির অনেক গ্রাহক ভুল করে তাদের গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করছেন। তারা মনে করছেন, রবির সেবাসংক্রান্ত অভিযোগ জানাচ্ছেন। আবার সার্কেল নেটওয়ার্কের গ্রাহকরাও বিভ্রান্ত হচ্ছেন। এতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ব্যবসায়িক পরিচিতি ও সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া, আলাদা লোগো ও ইংরেজি বানান ব্যবহার করলেও বাংলায় একই নাম হওয়ায় বিভ্রান্তি এড়ানো কঠিন। রবির বৈধ টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনার অধিকার নিয়ে তাদের আপত্তি নেই। তবে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সুরক্ষা ও গ্রাহকদের বিভ্রান্তি ঠেকাতে ‘সার্কেল’ নামের ব্যবহার বন্ধে আইনগত ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনের সঙ্গে লাইসেন্স ও ট্রেডমার্কের অনুলিপিও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৭ আগস্ট ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এয়ারটেলের পরিবর্তে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ চালু করে রবি। এর মধ্য দিয়ে বাংলাদেশে এয়ারটেলের ১৬ বছরের ব্র্যান্ড পরিচিতির অবসান ঘটে। নতুন ব্র্যান্ড চালুর সময় রবি জানিয়েছিল, এটি পরিচালনগত পরিবর্তন নয়, বরং ব্র্যান্ডের বিবর্তন। এয়ারটেলের গ্রাহকদের ০১৬ নম্বর, প্যাকেজ ও ব্যালান্স অপরিবর্তিত রেখে স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্র্যান্ডের আওতায় আনা হয়েছে। 

এ বিষয়ে রবির বক্তব্য চাওয়া হলেও তা পাওয়া যায়নি। 

আরও পড়ুন

×