সতর্ক করলেও নেওয়া হয়নি পদক্ষেপ, যুবকের ছুরিকাঘাতে কিশোর নিহত
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২২:৩৭
ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। ছুরি নিয়ে ঘুরতে দেখে তিন দিন আগে অভিযুক্ত যুবকের স্বজনের সতর্ক করা হয়েছিল। পদক্ষেপ না নেওয়ায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।
নিহত শাহীন মিয়া বলুহা গ্রামের সিরাজুল ইসলাম জিন্নাতের ছেলে। আটক দেলোয়ার হোসেন দিল একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এক হাতে লোহার রড ও অন্য হাতে ছুরি নিয়ে শাহীনের ওপর চড়াও হন দিলু। এক পর্যায়ে শাহীনের বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। রক্তক্ষরণ বন্ধ করতে স্থানীয় এক নারী প্রাণপণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কিশোরটিকে।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ঘরের ভেতর থেকে হামলা দেখে চিৎকার করে দিলুকে থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু এর মধ্যেই শাহীনের বুকে ছুরি চালানো হয়। আহত অবস্থায় শাহীন তাঁর কাছে এসে লুটিয়ে পড়ে। নিজের ও শাহীনের মায়ের ওড়না দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রক্ত বন্ধের চেষ্টা করেন তিনি। পরে চিৎকার করে এবং টিনের দরজায় আঘাত করে প্রতিবেশীদের ডাকেন। এর পরই নিস্তেজ হয়ে পড়ে শাহীন।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন দিলুকে ধরে মারধর করেন। পরে পুলিশ এসে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, আগে লাঠি নিয়ে ঘুরলেও সম্প্রতি ছুরি ও দা নিয়ে চলাফেরা করতেন দিলু। বড় কোনো অঘটনের আশঙ্কায় তিন দিন আগেই তাঁর বড় ভাইকে সতর্ক করা হয়েছিল। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, দিলু মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত। যদিও তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুর স্বজনরা পলাতক। বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দিলুকে আটক করে। বিক্ষুব্ধ জনতার মারধরে আহত হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। শাহীনের মরদেহ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ছুরিকাঘাতে হত্যা
- কিশোরের মুত্যু