পরিবেশকর্মীদের হয়রানির অভিযোগ, কক্সবাজারের পুলিশ সুপারকে স্মারকলিপি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২২:৪৯
কক্সবাজারে মধ্যরাতে পরিবেশকর্মীদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও আটকের ঘটনার প্রতিবাদ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের নেতারা।
মঙ্গলবার দুপুরে সংগঠনগুলোর প্রতিনিধিরা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, পর্যটনের বিকাশে ‘বিচ কার্নিভাল’ আয়োজনের উদ্যোগকে শুরু থেকেই স্বাগত জানিয়েছিলেন তারা। তবে পরবর্তী সময়ে এ আয়োজনের নামে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউগাছ নিধন ও বালিয়াড়ির ব্যাপক ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ তাদের। এর প্রতিবাদে গত ১৮ নভেম্বর পরিবেশ ও সামাজিক সংগঠনগুলোর আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, মানববন্ধন কর্মসূচির আগের রাতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহর বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় তার কলেজপড়ুয়া ছেলে রাফায়েল উল্লাহ রোহানকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে থানায় নেওয়া হয়। পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া বাপার জেলা সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক এইচ এম নজরুল ইসলামের বাসার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান ও খোঁজখবর নেওয়ার মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিচ কার্নিভাল নিয়ে সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকর্মীদের হুমকি দেওয়ার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণসহ পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। পরিবেশ সংরক্ষণ সাংবিধানিক অধিকার ও নাগরিক দায়িত্বের অংশ। অথচ বিচ কার্নিভালকে কেন্দ্র করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির প্রতিবাদ জানাতে গিয়ে পরিবেশকর্মীদের ওপর নজরদারি ও হয়রানির অভিযোগ উদ্বেগজনক।
এ অবস্থায় পুরো ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়ী কর্মকর্তা ও উসকানিদাতাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সেক্রেটারি জেনারেল ইসলাম মাহমুদ, ‘আমরা কক্সবাজারবাসী’র সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাপার জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, ইয়েস-কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, বাপার জেলা সভাপতি এম জাফর আলম ছিদ্দিক এবং বিবিএসএফের জেলা সহসভাপতি শামসুল আলম শ্রাবণ।
পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘পুলিশ কোনো নাগরিককে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করবে না। কেউ হয়রানির শিকার হলে তাকে সঙ্গে সঙ্গে সরাসরি পুলিশ সুপারকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।’
- বিষয় :
- কক্সবাজার
- স্মারকলিপি
- পরিবেশ