ঢাকায় যুব জামায়াতের আওয়ামীবিরোধী শোডাউন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২২:২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো নাশকতার প্রতিবাদে রাজধানীতে বড় শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ। কয়েক হাজার নেতাকর্মীর মিছিলটি মিরপুর-১ সনি মোড় থেকে শুরু হয়ে মিরপুর-১০ হয়ে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লগের বিচার, শেখ হাসিনার সাজা কার্যকর করার দাবিতে স্লোগান দেন তারা।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতরে যুব বিভাগের সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদীরা গুম, খুন, গণহত্যা, আর্থিক লুটপাট, নির্বাচন ব্যবস্থা ধবংস করা, ক্ষমতায় টিকে থাকতে সংবিধান পরিবর্তন থেকে শুরু করে এমন কোনো ঘৃণ্য কাজ নেই, যা করেনি। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে তারা ভালোই করেছিল। কিন্তু পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে সেখান থেকে একের পর এক উসকানি দিচ্ছেন শেখ হাসিনা। মেরে ফেলব, কেটে ফেলব, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এভাবে ধারাবাহিক হুমকি দিচ্ছেন। এর ফল হচ্ছে সাম্প্রতিক নাশকতা। কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই।
সংস্কারের দাবি জানিয়ে এহসানুল মাহবুব বলেন, জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল সংবিধান ও রাষ্ট্রব্যবস্থায় এমন মানবিক সংস্কার যাতে আর কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কিন্তু বিএনপি সরবার বিরুদ্ধে অবস্থান নিয়ে সর্বত্র দলীয়করণ করেছে। উপাচার্য পদেও দলীয় কর্মীকে বসিয়েছে। জুলাই স্মৃতি জাদুঘরকে দলীয় জাদুঘরে পরিণত করেছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে ‘সবার আগে বিএনপি’ করে ঐক্য হয় না। শুধু পরিস্থিতির কারণে মুখে বললে, ঐক্য হয় না। সংস্কার লাগবে।
মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) আব্দুল বাতেন, মহানগর যুব বিভাগের সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, হাসানুল বান্না চপলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- মিছিল-সমাবেশ
- আওয়ামী লীগ