যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
আজিজুল ইসলাম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:১৪
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার(ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ।
ডিসি বলেন, সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে জয়লাভ করেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে হারিয়েছিলেন। আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।
চব্বিশের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারপতনের পর তিনি সংসদ সদস্য পদ হারান। সরকারপতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।
- বিষয় :
- যশোর
- আওয়ামী লীগ
- এমপি
- গ্রেপ্তার