আস্থা লাইফের ক্রেডিট রেটিংয়ে দীর্ঘমেয়াদে এএ প্লাস, স্বল্পমেয়াদে এসটি-১ অর্জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:১৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ২০:২২
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবনবিমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের ক্রেডিট রেটিংয়ে দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক সম্ভাবনা বা আউটলুক ‘স্থিতিশীল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
প্রতিষ্ঠার সপ্তম বছরে এ রেটিং অর্জন করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানির দাবি, এ রেটিং তাদের আর্থিক সক্ষমতা, গ্রাহকদের বিমা দাবি ও অন্যান্য আর্থিক দায় পরিশোধের সামর্থ্য এবং স্বল্পমেয়াদি তারল্য পরিস্থিতির প্রতিফলন।
এ বিষয়ে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে জীবনবিমার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে ‘নতুন ধারার বিমা’ সেবার অঙ্গীকার নিয়ে কাজ করছে আস্থা লাইফ।
তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ভিত্তি, সলভেন্সি মার্জিন, আর্থিক ব্যবস্থাপনা, দ্রুত বিমা দাবি পরিশোধ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, বিনিয়োগের গুণগত মান এবং সুশাসনের স্বীকৃতি হিসেবে এ রেটিং অর্জিত হয়েছে।
এ অর্জনে কোম্পানির পরিচালনা পর্ষদ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতা ও দিকনির্দেশনা এবং আস্থা লাইফের বিক্রয়কর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এ সাফল্যের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধি ও উৎকর্ষ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- জীবনবীমা