ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট পালিয়ে গেলেও রেখে গেছে কিছু আগাছা: জয়নুল আবেদিন

ফ্যাসিস্ট পালিয়ে গেলেও রেখে গেছে কিছু আগাছা: জয়নুল আবেদিন
×
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১৭:৩৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১৭:৫৭

নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিকে আগুন ও সন্ত্রাসের রাজনীতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি। তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গেলেও এখানে কিছু আগাছা রেখে গেছে। তারা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করলেও আমরা তাদের দমন করে ফেলব। পালিয়ে যাওয়া স্বৈরাচার কখনো ফিরে আসতে পারে না। শেখ হাসিনাও আর ফিরে আসবেন না।’

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদ আয়োজিত পরিচিতি সভা ও ‘মাদকমুক্ত দেশ গড়ো, যুবসমাজকে রক্ষা করো’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক নিয়ন্ত্রণে সফল হতে হলে সবার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো জরুরি বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন। তিনি বলেন, বাহিনীর কিছু অসাধু সদস্য নিজেরাই মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং মাদক সেবন করছেন, যাদের দিয়ে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের সমস্যাগুলো আগে চিহ্নিত করে দায়ী সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। এ জন্য যেসব সীমান্ত ও রুট ব্যবহার করে দেশে মাদক প্রবেশ করে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মাদক প্রবেশের পথ হিসেবে কক্সবাজারের সমুদ্রপথ, মিয়ানমার সীমান্ত, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাটের বুড়িমারী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ বিভিন্ন এলাকার কথা উল্লেখ করেন তিনি।

মাদক নিয়ন্ত্রণে সরকারের সাম্প্রতিক তৎপরতার কথা তুলে ধরে সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি উচ্চপর্যায়ের সভায় মাদকের বিস্তার ও নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাদক প্রবেশের পথগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করার তাগিদ দিয়েছে।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক পরিবেশ পুনর্গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও তার পরিকল্পনায় মাদক নিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক অঙ্গন পুনর্গঠনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

সভায় মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন মেজর (অব.) মিজানুর রহমান। সিনিয়র সহসভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। সহসভাপতি হিসেবে রয়েছেন ড. আনিছুল আউয়াল, অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক রাষ্ট্রদূত মউসদ মান্নান, ব্রিগেডিয়ার (অব.) ডা. বাশিরুল ইসলাম, কর্নেল (অব.) জগলুল হাসান, অধ্যাপক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, অধ্যাপক ডা. জাহানারা লাইজু, মেজর (অব.) মাসুদুর রহমান কাইয়ুম, মো. আব্দুল আজিজ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিক, খায়রুন নাহার খানম, তামান্না ফারুক থিমা, নাহরিন আসগার রিনি, এম এন জামান ও মো. ফখরুল হোসেন।

কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন ইসমাঈল হোসেন সিরাজী এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা রহিম শীলা।

আরও পড়ুন

×