‘পালাব না’ বলে যে পালায়, ‘আসি’ বলেও সে আসবে না: হাসনাত আবদুল্লাহ
এনসিপির মোটর র্যালি
হাসনাত আবদুল্লাহ। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২১:১৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ২১:৫৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও নাশকতা’ প্রতিরোধে আজ মঙ্গলবার রাজধানীতে এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখা মোটরসাইকেল র্যালি করেছে। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হওয়া এই র্যালির আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘পালাব না’ বলে যে পালায় ‘আসি’ বলেও সে আসবে না।
মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে এনসিপির নেতাকর্মীরা যাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর গোলচত্বর প্রদক্ষিণ করে মিরপুর ১২ ও ১৪ নম্বরের দিকে অগ্রসর হয়ে শেষ হয়। শোভাযাত্রাকালে নেতাকর্মীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সারজিস, আসিফ নিজেই মোটরসাইকেল চালান।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ব্যঙ্গ করে নানান স্লোগান দেন এনসিপি নেতারা। শেখ হাসিনার মুখপাত্রের বরাতে রয়টার্স মঙ্গলবার জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে দিল্লীতে রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠাতে সরকারকে আহ্বান জানিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচার হত্যার দায়ে মৃত্যুদণ্ড ঘোষিত হলেও, শেখ হাসিনার ফেরার ঘোষণায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গত ১৫ থেকে ১৮ নভেম্বর চারদিন গোপালগঞ্জে তাণ্ডব চালায়। থানায় আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে। বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে পুড়িয়ে দিয়েছেন শেখ হাসিনার সমর্থকরা। হাসপাতালেও হামলা করা হয়েছে।
আওয়ামী লীগের তৎপরতা প্রতিরোধে বিএনপি এবং জামায়াতে ইসলামী রাজপথে নেমেছে ইতিমধ্যে। এনসিপি সোমবার সমাবেশ করেছে চট্টগ্রামে। দলটি জুলাই সনদের বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব জেলা ও মহানগরে মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
শেখ হাসিনা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘উনি কি মেহমান নাকি? উনার জন্য বিমান পাঠাইতে হবে? উনি বলত পালিয়ে যাব না। পালিয়ে যাব না বলে যে চলে যায়, পালিয়ে যায়, সে আসি আসি বলেও আসবে না। আমরা চাই, উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো হচ্ছে সব নাটক।’
আওয়ামী লীগ নেতারা ‘কনটেন্ট ক্রিয়েটরে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তারা এখন নিচু গলায় ‘জয় বাংলা’ বলে ভিডিও বানায়। সেটি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেশের বাইরে পাঠায়। আওয়ামী লীগের ফয়সালা ২০২৪ সালের ৫ আগস্ট হয়ে গেছে। এখন তারা যে কার্যক্রমগুলো করছে, তার মধ্য দিয়ে বাংলাদেশে পুনর্বাসন দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, তারই প্রমাণ বারবার দিচ্ছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- শেখ হাসিনা
- এনসিপি
- হাসনাত আবদুল্লাহ