মালয়েশিয়া শ্রমবাজার খুলছে বৃহস্পতিবার, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২১:৩৬
আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন, যাতে বিনা খরচে যাচ্ছেন ১১২ জন কর্মী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। মঙ্গলবার বোয়েসেল এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে, যাদেরকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার হবে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা।
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২০২১ সালে ডিসেম্বরে দেশটির সঙ্গে পাঁচ চুক্তি করেছিল বাংলাদেশ। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার কর্মী যাবে দেশটিতে। সরকারিভাবে ৭৮ হাজার ৯৯০ টাকা ব্যয় নির্ধারণ করা হলেও, কর্মী প্রতি ৫ লাখ টাকারও বেশি নেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে নিয়োগ বন্ধ হয়ে যায়।
২০১৬ সালের সমঝোতা স্মারক সইয়ের পর কর্মী পাঠানোর কাজ পেয়েছিল ১০টি এজেন্সি, যারা সিন্ডিকেট নামে পরিচিতি পায়। ২০২১ সালের সমঝোতা স্মারক সইয়ের পর কর্মী পাঠানোর কাজ পাওয়ায় ২৫ এজেন্সিও সিন্ডিকেট নামে পরিচিত পায়। পরে বোয়েসেলসহ আরও ৭৬ এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেওয়া হয়।
গত আগস্টে মালয়েশিয়ায় আবারও ২৫ এজেন্সিকে কর্মী পাঠানোর কাজ দেয়। এর অধিকাংশই অখ্যাত। এগুলোর পেছনে বিএনপির নেতারা রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এবার সিন্ডিকেট হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বেসরকারিভাব কর্মী পাঠাতে ১ লাখ ৫৪ হাজার ব্যয় নির্ধারণ করেছে।
বোয়েসেল কর্মী পাঠাবে বিনাখরচে। বেসরকারি এজেন্সির কর্মী পাঠানো আগামী মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে বিভিন্ন এজেন্সি ৬-৭ লাখ টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। আবার আগামী মাসেই শেষ হতে যাচ্ছে ২০২১ সালের সমঝোতা স্মারকের মেয়াদ। ৭ ডিসেম্বর ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির সঙ্গে নতুন চুক্তির কথা বলেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।