ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে চার বিএনপি নেতার বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ

গোপালগঞ্জে চার বিএনপি নেতার বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ
×
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:৫৯

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিএনপির সঙ্গে যুক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

তাদের অভিযোগ, পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে এসে হামলা চালান। এতে চারটি পরিবারের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন- রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষীরোদ বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাস, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাস এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস।

ক্ষীরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং উত্তম বিশ্বাসের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।

ক্ষীরোদ বিশ্বাস জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবারের লোকজন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে তাদের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। 

এ বিষয়ে মঙ্গলবার জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘ঘটনার দিন কাশিয়ানী উত্তাল ছিল। ওই দিন আমরা থানা থেকে বের হইনি। এমনকি ফায়ার সার্ভিসও বের হতে পারেনি। হাইশুর গ্রামে চারটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোলট্রি খামার ভাঙচুরের কথা শুনেছি। কিন্তু এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×