ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ডেটিং অ্যাপে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিত চক্রটি, গ্রেপ্তার ৭

ডেটিং অ্যাপে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিত চক্রটি, গ্রেপ্তার ৭
×
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:১৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:২৭

‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মুঠোফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিশেষ অভিযান চালায়। সোমবার রাত ১০টার দিকে ময়মনসিংহ নগরের সেনিবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও মো. রাকিব (২০)।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি ‘মেগা পার্সনাল’ অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফাঁদে ফেলত। পরে কৌশলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এ চক্রের সঙ্গে নারীরাও জড়িত রয়েছেন। পর্যায়ক্রমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

মোহাম্মদ কামরুল হাসান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণায় ব্যবহৃত মুঠোফোন ও ল্যাপটপগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

আরও পড়ুন

×