ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল

আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির মিছিল
×
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:২৯

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম-১০ আসনে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরীর লালখান বাজার মোড় থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য সাঈদ আল নোমান।

বিকেল ৩টায় লালখান বাজার মোড়ে সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সাঈদ আল নোমান বলেন, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্যের মাধ্যমে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের শক্তিতে প্রতিরোধের প্রত্যয় নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।’

সাঈদ আল নোমান আরও বলেন, ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ রক্ষা করা। আমাদের স্লোগান ‘ষড়যন্ত্রের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর এবং নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন ও শফিকুর রহমান।

আরও পড়ুন

×