ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মাইক্রো আরজিবি বদলে দিচ্ছে দৃশ্যায়ন

মাইক্রো আরজিবি বদলে দিচ্ছে দৃশ্যায়ন
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ | ০৭:৪৫

| প্রিন্ট সংস্করণ

প্রকৃতিনির্ভর কোনো প্রামাণ্যচিত্র চলছে টিভিতে, যার দৃশ্যায়নে নজরে কাড়ছে সবুজের নানা শেড। আবার প্রিয় কোনো সিনেমার আবছা আলোয় ঘেরা ঘরের দৃশ্যেও ছোটখাটো খুঁটিনাটি স্পষ্ট হয়েছে। ছবির সূক্ষ্ম সব পার্থক্য এত স্পষ্টভাবে ফুটে উঠছে যেন সবকটি দৃশ্য জীবন্ত।
অনেকের ধারণা, টেলিভিশনের পর্দায় এ ধরনের প্রাণবন্ত দৃশ্যায়ন নির্ভর করে রেজল্যুশনের ওপর, বিশেষ করে ফোরকে বা এইটকে রেজল্যুশনের কথা সামনে আসে। কিন্তু ছবির মান শুধু রেজল্যুশনের ওপর নির্ভর করে না। পর্দায় রঙ কতটা স্বাভাবিক, আলো কতটা নিখুঁতভাবে নিয়ন্ত্রিত ও দৃশ্যের সূক্ষ্ম সব বিষয় কতটা স্বচ্ছ, তার ওপরও দেখার অভিজ্ঞতা নির্ভর করে। ছবির এসব দিকের মানোন্নয়নে টিভি নির্মাতারা প্রতিনিয়ত কাজ করছেন নতুন প্রযুক্তি নিয়ে। মাইক্রো আরজিবি তেমন ঘরানার প্রযুক্তি, যা পর্দায় রঙের উজ্জ্বলতা ও আলোর মাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। 
ফলে ছবিতে রঙের বৈচিত্র্য ও দৃশ্যের সূক্ষ্ম খুঁটিনাটি দর্শকের সামনে সুস্পষ্ট হয়।

অভূত আলোর উজ্জ্বলতা 
প্রচলিত এলইডি টিভিতে নীল এলইডি ব্যাকলাইটের সঙ্গে কয়েকটি স্তর ব্যবহার করে পর্দায় বর্ণিল রং দৃশ্যমান হয়। মাইক্রো আরজিবি প্রযুক্তিতে এই পদ্ধতি কিছুটা আলাদা। এতে লাল, সবুজ ও নীল রঙের জন্য থাকে আলাদা এলইডি। রং তৈরির জন্য বাড়তি ফিল্টারের প্রয়োজন পড়ে না। ফলে রঙের ধরন ও আলোর উজ্জ্বলতা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার কাজটি সহজ হয়, যার প্রভাব দৃশ্যমান হয় পর্দার ছবিতে। একই রঙের কয়েকটি শেডের পার্থক্য সুস্পষ্ট হয়।
আর এক রং থেকে অন্য রঙে পরিবর্তনও হয় মসৃণভাবে। দৃশ্যের কয়েকটি অংশের সূক্ষ্ম সব বিষয় আলাদা করে চোখে পড়ে। প্রকৃতির দৃশ্য, রঙের বৈচিত্র্য কিংবা আলো-ছায়ার পরিবর্তন– এমন সব দৃশ্যে এই পার্থক্য বিশেষভাবে বোঝা যায়।
শুধু পর্দার প্রযুক্তি নয়, ছবির মানোন্নয়নে এখন কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই) ব্যবহৃত হচ্ছে। টিভিতে দেখানো বিষয়বস্তু বিশ্লেষণ করে এআই রং, কনট্রাস্ট ও ছবির খুঁটিনাটি সমন্বয় করতে পারে। পর্দায় ছবির মানোন্নয়ন হয় এতে। যেমন স্যামসাং ব্র্যান্ডের মাইক্রো আরজিবি টিভিতে রয়েছে মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রো ও ফোরকে এআই আপস্কেলিং প্রযুক্তি। ডলবি অ্যাটমস প্রযুক্তি শব্দের অভিজ্ঞতাকে করছে সমৃদ্ধ। সব মিলিয়ে ছবি ও শব্দের মিশেলে যে কোনো দৃশ্যায়ন হয় প্রাণোজ্জ্বল।
ভালো ছবি উপভোগে মাইক্রো আরজিবিই শেষ কথা নয়। বাজেটের ভিত্তিতে প্রচলিত এলইডি, মিনি এলইডি কিংবা ওএলইডি টিভিও জনপ্রিয়। শেষ পর্যন্ত কোন প্রযুক্তির টিভির দিকে এগোবেন, তা নির্ভর করে স্বাচ্ছন্দ্য ও চাহিদার ওপর।

আরও পড়ুন

×