ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১
×
×

ফাইল ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৭:০৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে তাকে সেখানে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীকে আটকে রেখে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করার অভিযোগে যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মো. রইচ মন্ডলের মেয়ে।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন রেলস্টেশন শহীদ মিনারের পাশের মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরীর ভাষ্যমতে, গত ১৯ নভেম্বর অজ্ঞাত এক নারী তাকে ঢাকার সাভার থেকে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। পরে তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোহিনূরের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর কোহিনূর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করতেন। সোমবার সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয় কিশোরী। এ সময় সে উদ্ধারের আকুতি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত কোহিনূরকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার রাতে কিশোরী যৌনপল্লী থেকে পালানোর চেষ্টা করলে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূর ও তাঁর লোকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে দৌড়ে রেলস্টেশন শহীদ মিনার সংলগ্ন এলাকায় গিয়ে দেলোয়ার হোসেনের দোকানে আশ্রয় নেয় সে।

কিশোরীর সঙ্গে কথা বলে জানা যায়, সে ঢাকার সাভার এলাকার একটি পোশাক কারখানায় কাজ করত। তার বাড়ি গাইবান্ধা জেলায়। নারী পাচারকারী চক্রের এক সদস্য গত ১৯ নভেম্বর তাকে সাভার থেকে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। ওই নারীর নাম জানে না কিশোরী। তবে দেখলে চিনতে পারবে বলে জানিয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×