গিলের যে আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৭:১২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৭:১৪
করোনা মহামারির সময় খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। মহামারি বিদায় নিলেও স্থায়ী হয়ে যাওয়া সেই নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। সম্প্রতি এই নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। তবে বলে লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা আপাতত আইসিসির নেই।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিয়মটি শিথিল করার বিষয়ে আইসিসির কোনো তাৎক্ষণিক ভাবনা নেই। সংস্থাটি বলে লালা প্রয়োগকে বল বিকৃতির অন্য যেকোনো অন্যায্য পদ্ধতির মতোই বিবেচনা করছে। আইসিসির মতে, মিষ্টি, চুইংগাম কিংবা মিন্টের সঙ্গে লালার মিশ্রণ বলের আকৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা মাঠে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন।
২০২০ সালে মহামারির সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বলে লালা ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আইসিসি। দুই বছর পর সেটি স্থায়ী নিয়মে পরিণত হয়। মূলত পুরোনো বলের এক পাশ চকচকে রেখে লেইট-সুইং আদায়ের জন্যই পেসাররা লালা ব্যবহার করতেন।
সম্প্রতি ওয়েলিংটন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। কিন্তু গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয় সফরকারীদের। ম্যাচ শেষে বলের মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি লালা ব্যবহারের অনুমতি ফেরানোর দাবি জানান গিল।
ভারতীয় অধিনায়ক বলেন, ‘একটি বল ম্যাচে অবশ্যই বড় ভূমিকা রাখে। নিউজিল্যান্ডে কুকাবুরা বল ২৫-৩০ ওভারের পরই খুব নরম হয়ে গিয়েছিল। ইংল্যান্ডেও ডিউক বলের ক্ষেত্রে একই সমস্যা দেখেছি। বলের মান খারাপ নাকি অন্য কিছু, আমি জানি না। তবে আমি বুঝতে পারছি না কেন আমাদের এখনো বল পালিশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। কোভিডের সময় আমরা অনেক আগেই পার করে এসেছি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেন এর অনুমতি দেওয়া হচ্ছে না, তা আমার বোধগম্য নয়।’