ফর্টিসের জার্সি খুলে জাপানে ফিরছেন শুকি
শুকি ইতোফুসা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৩:৫০
সেপ্টেম্বরের শুরুতে যখন লাওস ছেড়ে ফর্টিস এফসির ডেরায় পা রেখেছিলেন শুকি ইতোফুসা, তখন তাঁর চোখেমুখে ছিল এক রাশ স্বপ্ন। করপোরেট ক্লাবটির জার্সিতে আলো ছড়ানোর পাশাপাশি জাতীয় দলের দরজায় কড়া নাড়ার হাতছানি। কিন্তু সব হিসাব যে এত দ্রুত ওলটপালট হয়ে যাবে, কে জানত! মাত্র তিনটি ম্যাচ– ঘরোয়া লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অভিষেক আর এএফসি চ্যালেঞ্জ লিগে দুটি লড়াই, যার মধ্যে তাজিকিস্তানের রেগার-তাদাজের জালে বল জড়ানো এক স্মরণীয় গোলও রয়েছে; ব্যস, এখানেই ইতি। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের চেনা ছকে আর মন টেকেনি জাপানি এই ফুটবলারের। সামনে নাকি অপেক্ষায় আরও বড় ও আকর্ষণীয় লিগের প্রস্তাব, তাই বাংলাদেশি ক্লাবে ক্ষণস্থায়ী অধ্যায় চুকিয়ে দেশে ফিরে যাচ্ছেন তিনি। ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার তাঁকে কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলাননি। এটা নিয়ে হয়তো আক্ষেপ ছিল তাঁর।
বাংলাদেশের ফুটবলের মান নিয়ে হতাশ সুকি এবার থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার লিগে পাড়ি জমাচ্ছেন বলে ধারণা করছেন অনেকে। বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলার শনিবার ইমেইলে ফর্টিস এফসির কাছে ক্লাব ছাড়ার আবেদন করেন। তাঁর আবেদন ইতিবাচকভাবে নিয়েছে করপোরেট ক্লাবটি। দলের ম্যানেজার রাশেদুল ইসলাম সমকালের কাছে সুকির ক্লাব ছাড়ার আবেদনের ব্যাপারটি নিশ্চিত করেন। ‘আমাদের স্থানীয় কোনো ফুটবলার যদি বিদেশি লিগে খেলার প্রস্তাব পায়, তাহলে আমরা তাকে সহজেই ছেড়ে দিব। সুকি এরই মধ্যে আমাদের কাছে ক্লাব ছাড়ার জন্য আবেদন করেছে। তার এই আবেদনটি আমরা ইতিবাচক হিসেবেই নিয়েছি।’
হাজার মাইল দূরে জন্ম ও বেড়ে ওঠা, সংস্কৃতি আর ভাষায় ভিন্নতা, তবু নাড়ির টানে বাংলাদেশের ফুটবলে নিজেকে মেলে ধরার স্বপ্ন দেখেছেন শুকি ইতোফুসা। ২০০৪ সালের ৩১ মার্চ জাপানের সাইতামায় জন্ম শুকির। বাবা আতাউর রহমানের শিকড় বাংলাদেশের নারায়ণগঞ্জে, আর মা শিজু ইতোফুসা জাপানি। জন্ম ও বেড়ে ওঠা জাপানে হলেও বাবার দেশের প্রতি আলাদা টান টান থেকেই বাংলাদেশের ফুটবলে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন। এরই মধ্যে লাল-সবুজের জার্সিতে খেলার স্বপ্নপূরণ হয়েছে এ ফরোয়ার্ডের। জাতীয় দলের কোচ থমাস ডুলির নজরে পড়েছেন শুকি। সুযোগ পান জাতীয় দলের ক্যাম্পে। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ফিফা আসিয়ান কাপে বদলি হিসেবে নেমে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে শুকির। স্বপ্নের সেই মুহূর্তটি তাঁর কাছে শুধু একটি ম্যাচে মাঠে নামা নয়, বরং শৈশবের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার গল্প। জাতীয় দলের আক্রমণভাগেও নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন। বাংলাদেশের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ফর্টিসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নেমেছেন এই উইঙ্গার। চ্যালেঞ্জ লিগে খেলেছেন দুটি ম্যাচ। আর বাংলাদেশ ফুটবল লিগে সুকির পথচলা শুরু গত ৯ অক্টোবর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে। আজ ফেডারেশন কাপে রহমতগঞ্জের বিপক্ষে ফর্টিসের খেলা থাকলেও কুচকির চোটের কারণে নেই সুকি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই ফর্টিসের সঙ্গে সম্পর্কের ইতি ঘটবে তাঁর। তাতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শুকির অধ্যায় শেষ হচ্ছে!
জাপানের ফুটবল কাঠামোয় বেড়ে ওঠা শুকি খেলেছেন দেশটির বিভিন্ন ক্লাবে। কাশিওয়া রেইসলের যুব পর্যায় থেকে শুরু করে টোকিও ২৩ ও ব্রু সাগার মতো ক্লাবে খেলেছেন। মাঠে তাঁর মূল পরিচয় উইঙ্গার। গতি, ড্রিবলিং ও আক্রমণে নতুনত্ব যোগ করার সামর্থ্য নিয়ে বাংলাদেশের ফুটবলে এসেছেন এই তরুণ। সর্বশেষ খেলেছিলেন লাওস লিগে। নতুন পরিবেশ, নতুন সতীর্থ, ভিন্ন ফুটবল সংস্কৃতি– সবকিছুর সঙ্গে প্রায় মানিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের ফুটবলের রুগ্ণ চিত্রটাও তাঁকে ক্লাব ছাড়তে অনেকটাই বাধ্য করেছে। শুধু তাই নয় ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কায়সার তাঁকে কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলাননি। এটা নিয়ে হয়তো আক্ষেপ ছিল তাঁর।
- বিষয় :
- ফর্টিস এফসি
- শুকি ইতোফুসা