অ্যাকারম্যানকে ফিরিয়ে স্বস্তি দিলেন শরিফুল
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:১৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৬:৩৪
সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশন শেষে ৪৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৮ রানে দক্ষিণ আফ্রিকা।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫৭ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার মার্কাস অ্যাকারম্যান। দ্বিতীয় টেস্টেও সেই ছন্দ ধরে রেখে অনেকটা ওয়ানডে মেজাজে রান তুলেছেন তিনি। বিধ্বংসী এই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের ফুলটস বলে এলবিডব্লিউ হন অ্যাকারম্যান। তার বিদায়ে ভাঙে ৭৮ বল স্থায়ী ৭৪ রানের জুটি। ১৩৮ বলে ২৩ চার ও চার ছয়ে ১৫০ রান করেন অ্যাকারম্যান। টেস্টে এটিই দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড।
হামজাকে ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙলেন খালেদ
সেঞ্চুরিয়ন টেস্টে অবশেষে দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। খালেদ আহমেদের বলে মাহফিজুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন জুবাইর হামজা। ৬১ বলে তিনটি চারে ২৭ রান করেন তিনি। এতে ভাঙে অ্যাকারম্যানের সঙ্গে তার ৯৬ রানের জুটি। ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান। ক্রিজে মার্কেস অ্যাকারম্যানের সঙ্গী টনি ডি জর্জি।
অ্যাকারম্যানের হাফ সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লিড
দিনের দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামকে স্লিপ কর্ডনের ফাঁক দিয়ে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফিফটি পূর্ণ করেন মার্কেস অ্যাকারম্যান। এই বাউন্ডারিতেই বাংলাদেশের ৯১ রানের সংগ্রহ ছাড়িয়ে লিড নেয় দক্ষিণ আফ্রিকা।
ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনেই ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে দিনশেষে ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে ছিল মাত্র ৩ রানে। ৫৩ বলে সাতটি চারে ৪৬ রানে অপরাজিত ছিলেন অ্যাকারম্যান, হামজা ২৭ বলে ৯ রানে।
দুজনই শুরুতে জীবন পেয়েছিলেন। অ্যাকারম্যানের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিলে শূন্য রানেই ফিরতে পারতেন তিনি। অন্যদিকে হৃদয় ক্যাচ ধরতে পারলে ২ রানেই আউট হতেন হামজা। দ্বিতীয় দিন দ্রুত উইকেট তুলে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখাই বাংলাদেশের লক্ষ্য।
- বিষয় :
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা