এ বছর খেলা হবে না সাইফউদ্দিনের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৪:৪৭
ক্রিকেটারদের চোটের মিছিল একটু একটু করে বড় হচ্ছে। হাসান মাহমুদ, মুশফিকুর রহিমের পর চোটের তালিকায় নাম লেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন। কাতারের দোহায় চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় পাঁজরের পেশিতে চোট পান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইফউদ্দিনের চোটের গভীরতা গ্রেড টু টিআর। এ ধরনের চোট সেরে খেলায় ফিরতে তিন থেকে চার সপ্তাহ লেগে যায়।
বিসিবির একটি সূত্র জানায়, আলট্রাসনোতে চোট চিহ্নিত না হওয়ায় এমআরআই করাতে হয়েছে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টি২০ দলে নেওয়া হতো তাঁকে। হাসানের বিকল্প হিসেবে ওয়ানডে দলের জন্যও ভাবা হচ্ছিল। হঠাৎ করে তিনি চোটে পড়ায় এলোমেলো হয়ে গেছে নির্বাচকদের পরিকল্পনা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে নিয়মিত পেস বোলার থাকছেন না দুজন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সঙ্গে নাহিদ রানাকে সবগুলো ম্যাচ খেলতে হতে পারে। নাহিদ রানা টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।
নেপাল টি২০ লিগে খেলে জাতীয় দলের জন্য প্রস্তুত হয়েছিলেন সাইফউদ্দিন। ‘এ’ দলের হয়েও ভালো খেলছিলেন ওয়ানডেতে। বোলিং করে খেলায় ফিরতে ছয় থেকে আট সপ্তাহ লেগে যেতে পারে।
- বিষয় :
- মোহাম্মদ সাইফউদ্দিন