ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যাত্রা করল ঢাকা কম্পিউটার সিটি

যাত্রা করল ঢাকা কম্পিউটার সিটি
×

আইসিটি প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ০৬:২৭

| প্রিন্ট সংস্করণ

­রাজধানীর নিউ ইস্কাটন রোডে গড়ে উঠছে আইসিটি খাতের বাণিজ্যিক কেন্দ্র ঢাকা কম্পিউটার সিটি (ডিসিসি)। সিটি ডেভেলপমেন্ট ও হাজারী গ্রুপের উদ্যোগে ১৫ তলাবিশিষ্ট এই আইটি কমপ্লেক্সে এক ছাদের নিচে প্রযুক্তি ব্যবসা, পরিষেবা ও উদ্ভাবনের নতুন কেন্দ্রবিন্দু হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ঢাকা কম্পিউটার সিটির উদ্যোক্তারা বলেন, এটি হবে দেশের আধুনিক আইটি বাণিজ্যিক ভবন। এখানে থাকছে রেডি দোকান ও অফিস স্পেস, যা পাওয়া যাবে ভাড়ার টাকায় সাব-কাবলা (জমির) মালিকানা পদ্ধতিতে। ব্যাংক ঋণ ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হবে। এতে তরুণ উদ্যোক্তারা সহজে ব্যবসা শুরু করতে পারবেন।

স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট, অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম, পর্যাপ্ত পার্কিং, ব্যাকআপ জেনারেটর, হাই-স্পিড লিফট, ২৪ ঘণ্টা নিরাপত্তা ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে এই ডিসিসিতে। ভবনজুড়ে থাকবে সিসিটিভি মনিটরিং, ফায়ার অ্যালার্ম ও স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম।

ই-কমার্স ব্যবসায়ী, প্রযুক্তি পণ্যের ডিস্ট্রিবিউটর, রিসেলার, মোবাইল ও হার্ডওয়্যার ব্যবসায় এ প্রকল্প সহায়ক হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার, রোবটিকস, সিসিটিভি ও আইওটি পণ্যের সমন্বিত প্রদর্শনী ও বিপণন সুবিধা থাকবে সিটিতে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক ও ঢাকা কম্পিউটার সিটির অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম হাজারী বলেন, আমরা আইসিটি ব্যবসার জন্য এমন জায়গা তৈরি করছি, যা স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান দেবে। ২০০৬ সালে আমরা বিসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্ল্যান সেন্টার তৈরি করেছিলাম। ঢাকা কম্পিউটার সিটি তারই পরবর্তী ধাপ। ব্যবসায়ীদের মালিকানা সুবিধার সঙ্গে ব্যাংক ঋণ ও সহজ কিস্তিতে দোকান কেনার সুযোগ থাকছে। বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, এটি শুধু ভবন নয়; বরং দেশের ডিজিটাল অর্থনীতির জন্য কাঠামোগত বিনিয়োগ। ডিসিসি প্রকল্প উদ্যোক্তার জন্য স্থায়ী ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করবে। ভবিষ্যতে নিত্যনতুন প্রযুক্তি উদ্যোগ ও উদ্ভাবন এখান থেকেই সৃষ্টি হবে। স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের পরিচালক মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, স্থান হিসেবেই নয়; সমমনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীর দূরদর্শিতায় ডিসিসি শক্ত ভিত্তিতে তৈরি হয়েছে। এটি সফল হবে। কেননা আইসিটি পণ্য ক্রেতারা মার্কেটে গিয়ে কেনাকাটা করে।

ঢাকা কম্পিউটার সিটির পরিচালক ও টেকনো গ্রুপের চেয়ারম্যান কামাল হোসেন সেলিম বলেন, ডিসিসি হচ্ছে নতুন প্রজন্মের আইটি হাব। আমাদের লক্ষ্য রাজধানীতে এমন স্থায়ী কেন্দ্র গড়ে তোলা, যেখানে প্রযুক্তি উদ্যোক্তারা একত্রে কাজ করতে পারবেন। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো দিয়ে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সারাদেশের প্রযুক্তি খাতে ডিসিসি হবে নতুন সম্ভাবনা।

আরও পড়ুন

×