ডিজিটাল অর্থনীতির সঞ্চালক বিপিও
সমন্বিত উদ্যোগ বিপিও ও আউটসোর্সিং শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে
আইসিটি ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৭:১৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
আইটিইএস ও বিপিও খাতের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) কার্যনির্বাহী কমিটির প্রতিনিধি দল এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সারাদেশে বিপিও শিল্পকে গতিশীল ও বহির্বিশ্বে প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে নীতিগত সহায়তা, প্রণোদনা কাঠামো ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়ে আলোচকরা কথা বলেন।
চলতি বছরে বিপিও সামিট আয়োজনের মাধ্যমে শিল্পের বৈশ্বিক প্রচার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বহির্বিশ্বে অংশীজন বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা হয়। ফ্রিল্যান্সার কমিউনিটির দক্ষতা উন্নয়ন, বাজারমুখী প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর টেকসই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও সময়োপযোগী প্রশিক্ষণই বাংলাদেশকে বৈশ্বিক আউটসোর্সিং বাজারে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।
আইসিটি মন্ত্রী ফকির আনাম বলেন, বিপিও খাত দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এর উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার যথাযথ সহায়তা দেবে।
বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, বাংলাদেশের বিপিও শিল্প ইতোমধ্যে সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। এখানে বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তবে এই খাতকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হলে সমন্বিত নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন ও বহির্বিশ্বে কার্যকর ব্র্যান্ডিং জরুরি। বাক্কো সরকার ও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে যৌথভাবে কাজ করে গতিশীল ও টেকসই বিপিও ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাক্কোর পক্ষ থেকে এ আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক আমিনুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ। তারা বিপিও শিল্পের বর্তমান চিত্রের সঙ্গে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।
বাক্কো বিশ্বাস করে, সমন্বিত উদ্যোগ ও গঠনমূলক আলোচনা বিপিও ও আউটসোর্সিং শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। সারাদেশে যুবসমাজের জন্য টেকসই ও সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ ছড়িয়ে যাবে।
