সাবধান করবে অ্যাপের স্ক্যাম অ্যালার্ট
সাইবার জালিয়াতি নিয়ন্ত্রণে ফিচার উন্নয়ন করেছে মেটা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৭:৪৮ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১৮:৫৩
| প্রিন্ট সংস্করণ
সারাবিশ্বে জনপ্রিয় অ্যাপ ব্যবহারকারীর নিরাপত্তা জোরদার করতে নতুন স্ক্যাম অ্যালার্ট ফিচারের কথা জানানো হয়েছে। সাইবার জালিয়াতি ও প্রতারণার ঘটনা বাড়তে থাকায় এমন ফিচার তৈরির পরিকল্পনা নিয়েছে মেটা।
লক্ষ্য কেন এই অ্যাপ
অজ্ঞাতে যে কোনো লিঙ্কে ক্লিক করলেই তৈরি হবে ঝামেলা। এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই হলো স্ক্যামার চক্রের প্রথম লক্ষ্য। যে কোনো অ্যাপে ভুয়া কোনো লিঙ্ক না বুঝে ক্লিক করলে ব্যক্তিগত ডেটা বেহাত হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য গ্রাহকের কাছে কোনো সন্দেহজনক মেসেজ এলেই আগে থেকে সতর্ক হওয়া জরুরি। তাই স্ক্যাম অ্যালার্ট ফিচার আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এতে অজ্ঞাত নম্বর থেকে আসা প্রতারণামূলক মেসেজ এলে তা শনাক্ত করা এবং তা থেকে নিরাপদ থাকা যাবে।
অ্যাপে অজ্ঞাত মেসেজ
অনেক প্রতারক ব্যাংক, সরকারি সংস্থা বা ছদ্মবেশী প্রতিষ্ঠানের নামে ভুয়া মেসেজ প্রেরণ করে। জানা গেছে, স্ক্যাম অ্যালার্ট ফিচারটি পুরোপুরি গ্রাহকের গ্যাজেটে কাজ করবে। এখন আর কোনো মেসেজ যাচাই করার জন্য তা হোয়াটসঅ্যাপ বা মেটার সার্ভারে প্রেরণ করা হবে না। ফলে যে কোনো ব্যক্তির তথ্য ও গোপনীয়তার শর্ত ভঙ্গ হবে না। আবার এতে অনেকাংশে সুরক্ষা নিশ্চিত হবে।
এই অ্যালার্ট কী কাজ করবে
ফিচারটি বিশেষভাবে অজ্ঞাত নম্বর থেকে আসা মেসেজ পরীক্ষা করবে। যদি কোনো মেসেজ সন্দেহজনক বলে শঙ্কা তৈরি হয়, তাহলে চ্যাটের ভেতরেই সতর্কতামূলক বার্তা বা স্ক্যাম অ্যালার্ট দৃশ্যমান হবে। এতে লেখা হতে পারে, এই মেসেজ প্রতারণার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। তখন চাইলেই নম্বরটি তাৎক্ষণিক রিপোর্ট ও ব্লক করার সুযোগ থাকবে।
নতুন পরিষেবা
অন্যদিকে, হোয়াটসঅ্যাপ লোকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট নামে আরেকটি ফিচার নিয়ে কাজ করছে। সেখানে যে কেউ দেখতে পারবেন, স্ক্যাম অ্যালার্ট কতবার ও কখন সক্রিয় হয়েছে। তথ্যটি শুধু নির্দিষ্ট গ্যাজেটের ভেতরেই সংরক্ষিত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে। তবে এটি সম্পূর্ণ সক্রিয় হলে হোয়াটসঅ্যাপে প্রতারক চক্রের মেসেজ শনাক্ত করা আগের চেয়ে সহজ হবে। অ্যাপের গ্রাহকরা দীর্ঘদিন থেকেই প্রতারণা মেসেজ শনাক্তের জন্য এমন পরিষেবার দাবি করে আসছিলেন।
- বিষয় :
- প্রযুক্তি
- মেটা
- হোয়াটসঅ্যাপ
