লাইকা লেন্সযুক্ত স্মার্টফোন এনেছে শাওমি
‘শাওমি ১৭টি’ মডেলের নতুন স্মার্টফোন উন্মোচন করেন শাওমি বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৬:৪৭
দেশের বাজারে নতুন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে শাওমি। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে ‘শাওমি ১৭টি’ মডেলের স্মার্টফোনটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের মহাব্যবস্থাপক জিয়াউদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপক লুথার এবং পরিচালক (মার্কেটিং) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, শাওমি ১৭টি স্মার্টফোনে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০-আল্ট্রা প্রসেসর রয়েছে।
ফোনটির ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। দূরের ছবি তোলার জন্য রয়েছে ১২০এক্স এআই আল্ট্রা জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। অন্য ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি ১৭টি মডেলের ফোনটিতে লাইকার মতো বিশ্বমানের ফটোগ্রাফি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের চোখের ওপর চাপ কমাতে শাওমি ভিশন কেয়ার ও আই কমফোর্ট প্রযুক্তিও রয়েছে ফোনটিতে।
শাওমি হাইপারওএস চালিত ফোনটি ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক রঙে আজ থেকে দেশের বাজারে পাওয়া যাবে।
১২ গিগাবাইট র্যা ম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা।
- বিষয় :
- শাওমি বাংলাদেশ
- স্মার্টফোন
- এআই
- ক্যামেরা
