ওয়াই-ফাই যখন ঝুঁকির কারণ
প্রতীকী ছবি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:২৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ০৯:৪৯
| প্রিন্ট সংস্করণ
ওয়াই-ফাই নেটওয়ার্ক নিরাপদ না করলে অপচক্র ব্যক্তিগত তথ্য চুরি, পাসওয়ার্ড বের করা বা ইন্টারনেটের যথেচ্ছ অপব্যবহার করতে পারে
ঘরে থাকা ওয়াই-ফাই শুধু স্মার্ট ডিভাইস বা ল্যাপটপে নয়; স্মার্ট টিভি, সিসিটিভি ক্যামেরা, স্মার্ট স্পিকার ছাড়াও কয়েকটি ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে। এ ক্ষেত্রে ওয়াই-ফাই নেটওয়ার্ক
নিরাপদ না করলে অপচক্র ব্যক্তিগত তথ্য চুরি, পাসওয়ার্ড বের করা বা ইন্টারনেটের যথেচ্ছ অপব্যবহার করতে পারে।
কী বলছেন বিশেষজ্ঞরা কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করলেই ঘরের ওয়াই-ফাই আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হবে। রাউটারের ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড বদলে নিতে হবে। বড়-ছোট অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে কিছুটা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
কঠিন পাসওয়ার্ড কেন জরুরি ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করতে হবে। ন্যূনতম ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার ও নাম বা জন্মতারিখের মতো সহজ তথ্য এড়িয়ে যেতে হবে। ডব্লিউপিএথ্রি এনক্রিপশন সক্রিয় করতে হবে। যদি এটি না থাকে, তাহলে ডব্লিউপিএটু ব্যবহার করতে হবে। পুরোনো ডব্লিউইপি বা ডব্লিউপিএ এখন আর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।
এ ছাড়া ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম (এসএসআইডি) বদলে নিতে হবে। এমন নাম দিতে হবে যেন রাউটারের ব্র্যান্ড বা নিজের ব্যক্তিগত তথ্য আড়াল করা যায়।
যা যা করতে হবে
রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করা জরুরি। নিরাপত্তাজনিত ত্রুটি এতে অনেকাংশে কমে আসে। ডব্লিউপিএস ও রিমোট ম্যানেজমেন্ট বন্ধ করতে হবে। কারণ, অপচক্র এসব দেয়াল ভেঙে অনুপ্রবেশের সুযোগ তৈরি করে। বাসায় আসা অতিথির জন্য গেস্ট নেটওয়ার্ক সক্রিয় করতে হবে। এতে তারা মূল নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না। রাউটারের ফায়ারওয়াল সিস্টেম সচল রাখা জরুরি। নিয়মিত সংযুক্ত ডিভাইসের তালিকা যাচাই-বাছাই করতে হবে। অজানা ডিভাইস দৃশ্যমান হওয়া মাত্রই ওয়াই-ফাই পাসওয়ার্ড বদলে নিতে হবে। অন্যদিকে, পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করা, সব ডিভাইস আপডেট রাখা।
স্মার্ট হোম ডিভাইসের জন্য আলাদা নেটওয়ার্ক নিরাপত্তাবলয় জোরালো করে। কয়েক মিনিট সময় দিলেই এসব পদক্ষেপ বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্ককে অনেক বেশি নিরাপদ করবে। আবার সাইবার হামলার ঝুঁকিও কমবে অনেকটা।
- বিষয় :
- প্রযুক্তি