এবার ৩ কোম্পানি হ্যাক করেছে ক্লদের এআই মডেল
এআই গবেষণার কোম্পানি অ্যানথ্রোপিকের চ্যাটবট ক্লদের লোগো। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৬:১২
পরীক্ষার সময় অ্যানথ্রোপিকের এআই মডেল এবার তিনটি কোম্পানিতে সাইবার হামলা করেছে। এই মডেলগুলো জনপ্রিয় চ্যাটবট ক্লদের ভিন্ন ভিন্ন সংস্করণ। যেসব কোম্পানিতে হামলা হয়েছে সেগুলোর নাম প্রকাশ করেনি অ্যানথ্রোপিক।
এক ঘোষণায় অ্যানথ্রোপিক জানিয়েছে, বাস্তব জগতের ব্যবস্থা থেকে মডেলগুলোকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখার উদ্দেশে ওই পরীক্ষা চালানো হয়েছিল। মোট ১ লাখ ৪১ হাজার মূল্যায়নমূলক পরীক্ষা করা হয়। এ সময় ক্লদ নামের মডেলের তিনটি ভিন্ন সংস্করণ ভুলবশত ‘অনুমোদিত’ তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে।
শুক্রবার (বাংলাদেশ সময়) একটি ব্লগে অ্যানথ্রোপিক আরও জানায়, এই অনুপ্রবেশের সময় ক্লদ ‘দুর্বল পাসওয়ার্ড ও আনঅথেনটিকেটেড এন্ডপয়েন্ট’ কাজে লাগিয়েছিল। অর্থ্যাৎ, মডেলগুলো এমন এপিআই বা ওয়েব ঠিকানা খুঁজে পেয়েছিল যেখানে লগইন করতে পরিচয় যাচাই করা হয় না।
অ্যানথ্রোপিকের দাবি, মডেলগুলো মূল্যায়নের ভুল বোঝাবুঝির কারণে ইন্টারনেটে যুক্ত হয়ে তিনটি কোম্পানির সিস্টেমে প্রবেশ করেছিল।
গত বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তার আরেক বৃহৎ কোম্পানি ওপেনএআই পাঁচটি কোম্পানিতে সাইবার হামলার তথ্য জানায়। একটি ব্লগে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান লিখে, নিরাপত্তা পরীক্ষার সময় তাদের এআই এজেন্টগুলো ইন্টারনেটে যুক্ত হয়ে ‘বেপরোয়া’ হয়ে গিয়েছিল। পরে পাঁচটি কোম্পানিতে সাইবার হামলা চালায়।
চ্যাটবট ও ইমেজ জেনারেটরের মতো টুলের ভিত্তি হিসেবে কাজ করা মডেলগুলো যখন স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করে, তখন সেটিকে এআই এজেন্ট বলা হয়। এই উন্নত প্রযুক্তিটি বর্তমানে সাইবার নিরাপত্তা ঝুঁকিকে নতুন করে আলোচনায় এনেছে। মানুষের পক্ষে এখনও বিভিন্ন সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করা সম্ভব হয়নি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, উন্নত এজেন্টগুলো মানুষের আগেই ত্রুটি খুঁজে বের করে হামলা করতে পারে।
হ্যাকের দিকে গড়ানো ঘটনাগুলোর তদন্ত করে ওপেনএআই জানিয়েছে, তাদের প্রাপ্ত তথ্য দেখাচ্ছে, এআই মডেলগুলো অনলাইনে অরক্ষিত অবস্থায় থাকা লগইন তথ্য পেয়েছিল। পরে সেগুলোর সাহায্যে অন্য কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ৫ কোম্পানিতে সাইবার হামলা
- বিষয় :
- হ্যাকড
- কোম্পানি
- এআই
- কৃত্রিম বুদ্ধিমত্তা