ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রমুগ্ধ করতেই তৈরি হচ্ছে অ্যালগরিদম

মন্ত্রমুগ্ধ করতেই তৈরি হচ্ছে অ্যালগরিদম
×

তারুণ্যকে বিপথে নেওয়ায় অভিযুক্ত মেটা

সাব্বিন হাসান

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৯

| প্রিন্ট সংস্করণ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না মেটার। সারাবিশ্বেই অভিযোগ, মামলা, ক্ষতিপূরণ, দেশে দেশে নিষেধাজ্ঞা ও তারুণ্যকে বিপথে নিয়ে যাওয়ার মতো অনেক কিছুতে মেটার নাম বারবার সামনে আসছে। অনেক দেশের অভিযোগ ছিল, মেটার অ্যালগরিদম ও সব ফিচার এমনভাবে সুসজ্জিত ও তৈরি করা হয়েছে, যা অপ্রাপ্তবয়স্কদের ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে মন্ত্রমুগ্ধ করে। এর ফলে শিশুর মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, অভিভাবকের অনুমতি ছাড়া কম বয়সীর তথ্য সংগ্রহ করা ও চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট ও ক্রেতার সুরক্ষা আইন ভঙ্গের মতো জটিল অভিযোগ সামনে আসে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬টি রাজ্য, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও কয়েকটি মার্কিন অঞ্চলের অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে এই সমন্বিত সমঝোতা নথিভুক্ত হয়েছে।

সুদীর্ঘ আইনি লড়াই শেষে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক ইভন গঞ্জালেজ রজার্সের অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি এবার নিষ্পত্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

সমঝোতার চুক্তি বলছে, বড় অঙ্কের জরিমানা ছাড়াও মেটাকে নিজেদের প্ল্যাটফর্মে বেশ কিছু বাধ্যতামূলক পরিবর্তন আনার নির্দেশনা দেওয়া হয়েছে। যার মধ্যে কিশোর-কিশোরীদের প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়সীমা নির্ধারণ করা, রাতে স্বয়ংক্রিয় নোটিফিকেশন বন্ধ রাখা এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়াতে পারে এমন প্রযুক্তিগত ফিচার বাতিল করতে বলা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্কুল ডিস্ট্রিক্ট ও ব্যক্তিগত ভুক্তভোগী পরিবারের করা কয়েকশ মামলা এখনও আদালতে বিচারাধীন।

শিশু ও কিশোরদের সোশ্যাল মিডিয়াতে আসক্তি বাড়ানোর অভিযোগে চলা ঐতিহাসিক আইনি লড়াই এখন অনেকের জানা। এর নিষ্পত্তিতে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল সংস্থাটি যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যের করা ক্ষতিপূরণের দাবি মেটাতে সর্বোচ্চ এক হাজার ৭১০ কোটি ডলার দিতে সম্মতি প্রকাশ করেছে। টেক দুনিয়ায় এটি অনেক বড় অঙ্কের ক্ষতিপূরণের ঘটনা। 

আইন বিশেষজ্ঞরা বলছেন, এটি মেটার বিরুদ্ধে নেওয়া কঠিন এক আইনি পদক্ষেপ। অভিযোগের সতত্য প্রমাণ হওয়ায় এত বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আগামী দিনে পুরো সোশ্যাল মিডিয়া শিল্পের ওপর নিয়ন্ত্রক সব সংস্থার নজরদারি ও জবাবদিহি বাড়ানোর উদ্দেশ্যে এটি অবশ্যই  কড়া একটি বার্তা।

আরও পড়ুন

×