মেটার বিজ্ঞাপনের টাকা বিকাশে পরিশোধের সুযোগ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৫
বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা এখন থেকে বিকাশের মাধ্যমে মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে পারবেন। এতদিন বৈদেশিক মুদ্রায় লেনদেন-সক্ষম ক্রেডিট কার্ডের মাধ্যমে মেটার বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে হতো। নতুন ব্যবস্থায় অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই বিকাশের মাধ্যমে সরাসরি বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করা যাবে।
বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘আগামী: বাংলাদেশ এআই ইনোভেশন ডে’ শীর্ষক অনুষ্ঠানে এ সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার অংশীদারত্বে আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে জানানো হয়, এতদিন দেশের উদ্যোক্তাদের মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের জন্য বৈদেশিক মুদ্রায় লেনদেন-সক্ষম ক্রেডিট কার্ড ব্যবহার করতে হতো। দেশে এ ধরনের কার্ডের সংখ্যা আনুমানিক ৩০ লাখ। ফলে অনেক ক্ষুদ্র উদ্যোক্তার ক্রেডিট কার্ড না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ ছিল না।
নতুন ব্যবস্থায় স্মার্টফোন ও বিকাশ অ্যাকাউন্ট থাকলেই স্থানীয় বিজ্ঞাপনদাতারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিতে পারবেন। এর ফলে ক্রেডিট কার্ড বা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুযোগ না থাকলেও ক্ষুদ্র উদ্যোক্তারা এসব প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বলা হয়, বিকাশের নিবন্ধিত সিম ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৮ কোটি ২০ লাখ। দেশের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক প্রতিদিনের লেনদেনে বিকাশ ব্যবহার করেন। বিজ্ঞাপনের অর্থ পরিশোধেও একই পদ্ধতি ব্যবহারের সুযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনলাইনভিত্তিক ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।
‘বিশাল সম্ভাবনা রয়েছে’
বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধের সুবিধা এবং বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা খাতে ডিজিটাল টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা নিয়ে অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশে ১৪ কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে মাত্র ৫০ শতাংশ বা ৭ কোটি মানুষের স্মার্টফোন রয়েছে। ফলে এখনও ৭ কোটি মানুষ ডেটা ফোনের বাইরে রয়েছেন।
তিনি বলেন, ‘আজকের দিনে বিশ্বের আর কোনো দেশে ৭ কোটি ডেটাবিহীন ফোন নেই। তাই আমি মনে করি, এটি একটি বিশাল সম্ভাবনা।’
বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার বলেন, আরও বেশি বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা এখন অনলাইনে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছে। স্থানীয় পেমেন্ট পদ্ধতি মেটার টুল ব্যবহারকারীদের জন্য সহজলভ্য হওয়ায় আরও অনেক উদ্যোক্তা এসব টুল ব্যবহার করে ব্যবসা গড়ে তুলতে ও সম্প্রসারণ করতে পারবেন।
অনুষ্ঠানে সরকারের শীর্ষ প্রতিনিধি, শিল্পখাত এবং ক্ষুদ্র ও বেসরকারি খাতের উদ্যোক্তাসহ মোট ১৫০ জন কর্মকর্তা অংশ নেন।