শব্দের সমস্যা ল্যাপটপে, যা করবেন
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৭
| প্রিন্ট সংস্করণ
জটিল কাজ করছেন ল্যাপটপে। চাপ কমাতে শুনছেন গান, করছেন অনলাইন মিটিং। কিন্তু ঠিকঠাক শব্দ আসছে না। এমনটি হয়ে থাকতে পারে। অনেক সময় স্পিকার নষ্ট না হলেও ভুল সাউন্ড সেটিংস, ধুলা, ময়লা বা সফটওয়্যার সমস্যার কারণে এই ডিভাইসের স্বাভাবিক শব্দ কম আসতে পারে। পরিষেবা কেন্দ্রে যাওয়ার আগে কয়েকটি পরীক্ষিত কৌশল যাচাই করতে পারেন।
সাউন্ড সেটিংস পরীক্ষা
ল্যাপটপের ভলিউম শেষাংশে বাড়ানো আছে কিনা, তা আগে দেখতে হবে। টাস্কবারের স্পিকার আইকনে ক্লিক করে সঠিক আউটপুট ডিভাইস নির্বাচন করতে হবে। অনেক সময়ে আবার ব্লুটুথ হেডফোন বা অন্য কোনো ডিভাইস সংযোগে থাকলে ল্যাপটপের স্পিকার থেকে অনেকটা শব্দ কম শোনা যায়। সবার আগে ল্যাপটপটি একবার রিস্টার্ট করে নিতে হবে।
ক্ষুদ্রাকৃতির ছিদ্রে ধুলা
স্পিকারের ক্ষুদ্রাকৃতির ছিদ্রে ধুলা জমলে শব্দ বেরোতে বাধার সৃষ্টি হয়। পরিষ্কারের জন্য প্রথমে ল্যাপটপ বন্ধ করে চার্জার খুলে ফেলতে হবে। নরম, শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে স্পিকারের ওপরের অংশ হালকা করে মুছে ফেলতে হবে। ছিদ্রের মধ্যে কোনো ধারালো জিনিস, পিন বা টুথপিক প্রবেশ করানো যাবে না। এতে স্পিকারের ভেতরের অংশের ক্ষতি হতে পারে।
স্পিকারের গ্রিলের ভেতরে জমে থাকলে ধুলা হালকা ধরনের নরম ব্রাশ দিয়ে ক্রমে পরিষ্কার করতে হবে। ব্রাশটি যেন অবশ্যই শুকনো হয়। চাইলে এয়ার ব্লোয়ার ব্যবহার করা যায়। অতিরিক্ত চাপ দিয়ে বাতাস প্রয়োগ করা ঠিক নয়।
সফটওয়্যার আপডেট
সাউন্ড ড্রাইভার পুরোনো হলে বা কোনো সফটওয়্যার সমস্যায় শব্দ কমে যেতে পারে। তাই অপারেটিং সিস্টেম ও অডিও ড্রাইভার আপডেট করা জরুরি। সাউন্ড সেটিংসে এনহান্সমেন্টস বা অডিও ইফেক্টস সক্রিয় থাকলে বন্ধ করে পরীক্ষা করে দেখতে হবে। সবকিছু করার পর সাউন্ড শোনা না গেলে স্পিকারের হার্ডওয়্যার সমস্যা পরীক্ষা করতে হবে। এসব ক্ষেত্রে নিজে ল্যাপটপ না খুলে কারিগরের পরামর্শ নেওয়া শ্রেয়।
অপারেটিং সিস্টেমের বিল্ট-ইন অডিও ট্রাবলশুটার টুল ব্যবহার করে দেখতে হবে। স্বয়ংক্রিয়ভাবে এটি সেটিংস বা ড্রাইভারের ত্রুটি শনাক্ত করে সমাধান করে। অন্যদিকে, সার্ভিসেস অপশন থেকে উইন্ডোজ অডিও সার্ভিস রিস্টার্ট করলে অনেক সময় আটকে থাকা শব্দ ফিরে আসে।
অনেক সময় নির্দিষ্ট কোনো ব্রাউজার ট্যাব বা মিডিয়া প্লেয়ার অ্যাপে সাউন্ড মিউট অপশন অন রয়ে যায়। ল্যাপটপের প্রধান ভলিউম বাড়ানো থাকলেও ওই অ্যাপের ভলিউম বন্ধ থাকলে শব্দ পাওয়া যাবে না। তা ছাড়া ৩.৫ মিমি হেডফোন জ্যাকে ময়লা জমে থাকলে ল্যাপটপ ধরে নিতে পারে হেডফোন যুক্ত রয়েছে। এর ফলে স্পিকার কাজ করে না। কোনো আপডেটের পর অডিও বন্ধ হয়ে গেলে অডিও ড্রাইভার রোলব্যাক বা সিস্টেম রিস্টোর করলে শব্দের সমস্যা কেটে যায়।
- বিষয় :
- ল্যাপটপ