পর্দায় ফিরছেন তাহসান খান
তাহসান খান। ছবি: সংগৃহীথ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২০:২৯ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ২০:৩৩
অভিনয় থেকে বিরতি নেওয়ার পর এবং নতুন গান প্রকাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এবার উপস্থাপনা নিয়ে ফিরছেন শিল্পী ও অভিনেতা তাহসান খান। আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্টের বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’র সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকছেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।
বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিউই)। এবার প্রথমবারের মতো বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোভিশনের আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিতে যাচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করতেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।
২২ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে সঞ্চালক তাহসান ও পাঁচ বিচারককে। ওই প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং এনটিভি।
নতুন এ অনুষ্ঠানের প্রস্তুতি ছাড়াও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তাহসান। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করেছন তিনি।
সম্প্রতি এই গায়ক কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সফরকালে তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের আশা-আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
- বিষয় :
- তাহসান খান
- উপস্থাপনা