ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিখোঁজের দু'দিন পর নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিখোঁজের দু'দিন পর নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ০৫:৫৮ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ০৫:৫৮

কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার দু'দিন পর কুড়িগ্রামের ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নদী থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত আজগার আলী সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের বাসিন্দা।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের দক্ষিণ নওয়াবস এলাকায় আজগার আলীর মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

এ ঘটনার সত্যতা নিশ্চত করে সদর থানার এসআই মো. আবু সাঈদ বাবলা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজগার আলীর মরদেহ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এরপর দুপুর ২টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, গত ৩১ মার্চ ধরলা নদীর চরে গরুকে খাস খাওয়াতে গিয়ে আজগার আলী নিখোঁজ হন। পরদিন নিখোঁজ কৃষকের ছেলে আজিজুল হক সদর থানায় একটি জিডি দায়ের করেন।

মৃত আজগার আলীর ছেলে আজিজুল হক জানান, আমার বাবা বৃহস্পতিবার ঘাস খাওয়ানোর জন্য কয়েকটি গরু নিয়ে নদীর চরে যান। কিন্তু বিকেলে গরুগুলো ফিরে এলেও তিনি আর ফিরে আসেননি। 

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লিডার শহিদুল ইসলাম জানান, সহকারী পরিচালক আকবর আলীর নেতৃত্বে রংপুর থেকে আসা ৩ জন ডুবুরিসহ ৯ সদস্যের একটি টিম নিখোঁজ আজগার আলীর সন্ধানে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিবারের লোকজনের দেখানো নদীর স্থানগুলোতে তল্লাশি চালায়। কিন্তু এসময় তার কোনো হদিস পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, আজগার আলীর মরদেহের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×