ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
×

নিহত আনোয়ার হোসেন প্রকাশ ইউছুফ-ফাইল ছবি

নোয়াখালী ও সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০ | ২২:৫৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ | ২৩:০৯

নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন প্রকাশ ইউছুফ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ইউছুফ ডাকাত দলের সদস্য ও তার নামে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

সোমবার রাত পৌনে ৩টার দিকে সেনবাগের বীরকোর্ট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।  মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ থেকে ইউছুফকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে বীরকোর্ট এলাকায় অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউছুফের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ইউছুফ পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করলে তার অজ্ঞাত সহযোগীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, নিহত ইউছুফ আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ৭টি, ডাকাতি প্রস্তুতির ৩টি, সিঁধেল চুরির ঘটনায় ১টি ও অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে।

আরও পড়ুন

×