ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাংবাদিক শিমুল হত্যার ৩ বছর

'স্বামী হত্যার বিচার পাব তো'

'স্বামী হত্যার বিচার পাব তো'
×

ছবি: ফাইল

আমিনুল ইসলাম খান রানা ও কোরবান আলী লাভলু, সিরাজগঞ্জ

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১৪:৫৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ১৫:০৯

সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার তিন বছর আজ সোমবার। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শাহজাদপুরের মনিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য শিমুলকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

শিমুল হত্যার তিন বছর পেরিয়ে গেলেও বিচার দূরের কথা, হত্যা মামলার অভিযোগ গঠন প্রক্রিয়াই শেষ হয়নি। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে গেলেও নানা অজুহাতে আসামিরা আদালতে বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত করছেন। মামলার দীর্ঘসূত্রতার কারণে তারা সহজেই উচ্চ আদালত থেকে জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলা থেকে বাঁচতে সরকারি দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন আসামিরা। দলীয় সভা-সমাবেশেও অংশ নিচ্ছেন। এ কারণে শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম আক্ষেপ করে বললেন- স্বামী হত্যার বিচার আদৌ পাব তো! তিনি বলেন, সব আসামিই উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ কারণে ছেলেমেয়ে নিয়ে খুব উৎকণ্ঠায় থাকি।

শিমুল নিহতের পরদিন তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র (বরখাস্ত) হালিমুল হক মিরুসহ ৪০ জনের নামে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার প্রধান আসামি মিরু ছাড়া সবাই শুরু থেকে উচ্চ  আদালত থেকে জমিনে মুক্ত ছিলেন। মিরুও গত ২৯ নভেম্বর জামিনে মুক্ত হন। গ্রেপ্তার হয়ে প্রায় পৌনে তিন বছর কারাগারে থাকার পর অসুস্থতার কারণ দেখিয়ে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু কারাগার থেকে বের হয়েই নিজের অনুসারী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তার বৈঠক, সভা-সমাবেশসহ প্রকাশ্যে নানা কর্মকাণ্ডে উদ্বেগ বাড়ায় শিমুলের স্বজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু বলেন, হত্যার ঘটনার দু'মাস পরই পুলিশ অভিযোগপত্র দেয়। অথচ গত পৌনে তিন বছরেও আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অভিযোগ গঠনের তারিখ কম করে হলেও আদালতে ১০ বার পিছিয়েছে।

উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান বলেন, আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। কিন্তু সাংবাদিক হত্যা মামলায় আসামিদের চার্জ গঠন প্রক্রিয়া গত তিন বছরে না হওয়ায় হতবাক হয়েছি।

কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি :শিমুল হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে আজ শাহজাদপুরে নানা কর্মসূচি পালন করবেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সকাল ৮টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন ও সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ; সকাল সাড়ে ৮টায় প্রেসক্লাব ভবনে শিমুলের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ; সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব ভবন থেকে উপজেলা পরিষদ চত্বর অভিমুখে শোক র‌্যালি এবং শিমুল স্মৃতি সংঘ ও পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, র‌্যালি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

×