চট্টগ্রামে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ফের অভিযান
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৯:১২
পেঁয়াজের দামের লাগাম টানতে আবারও চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান জেলা প্রশাসক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার নুরে আলম মিনা, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার সাহাবউদ্দিন, কোস্টগার্ড প্রতিনিধি লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
ইলিয়াস হোসেন বলেন, ভারতসহ কয়েকটি দেশ থেকে কয়েকদিন আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যায়। এ সুযোগে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার পেঁয়াজ মজুদ রেখে অস্বাভাবিক হারে দাম বাড়িয়ে দেয়। অভিযান চালিয়ে এর প্রমাণও পাওয়া যায়।
পরবর্তীতে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দাম অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু আবারও দাম বেড়েছে। এখনো খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
