ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানচাপায় প্রাণ গেল বাবারও

ছেলেকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানচাপায় প্রাণ গেল বাবারও
×

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ০২:৫৭ | আপডেট: ১৯ জুলাই ২০২২ | ০২:৫৭

হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কান্দিগাঁও এলাকায়  ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার পাঁচ বছরের ছেলে মোহাম্মদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইউসুফ আলী তার একমাত্র শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি দোকানে যান। সেখানে তাকে বিস্কুট কিনে দেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় । দুর্ঘটনার পর দ্রুত চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যান। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

গজনাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য জাহেদ আহমেদ চৌধুরী জানান- আগামী ২৪ জুলাই ইউসুফ আলীর ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনায় বাবা-ছেলের প্রাণ গেল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মোহাম্মদ আলীকে বিস্কুট কিনে দেওয়ার পর সে দৌঁড়ে মহাসড়কের মাঝখানে চলে যায়, এসময় তাকে বাঁচাতে বাবা ইউসুফ আলী দৌঁড়ে গেলে পিকআপ ভ্যানচাপায় দুজনের মৃত্যু হয়। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরও পড়ুন

×